![]() |
| জাতীয় নাট্যশালায় ইনামুল হক ও সারা যাকেরের হাতে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা তুলে দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। |
তাঁরা
দুজনই মঞ্চ, বেতার ও টেলিভিশনের তুখোড় অভিনেতা-অভিনেত্রী। দুর্দিনের
নাট্যসজ্জন বটে। প্রায় অর্ধশত বছর ধরে নাট্যাঙ্গনে নানাভাবে অবদান রেখে
চলেছেন। তাঁদের একজন হলেন ইনামুল হক ও সারা যাকের। তাঁদের অবদানে
স্বীকৃতিস্বরূপ এই গুণীজনকে সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মারক সম্মাননা পদকে
ভূষিত করল নাট্যদল পদাতিক নাট্য সংসদ। পদাতিক ৩৯ বছরের পদার্পণ উপলক্ষে
আয়োজিত পাঁচ দিনের উৎসবের দ্বিতীয় রজনীতে আজ শুক্রবার তাঁদের হাতে
সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী
আসাদুজ্জামান নূর। দলের সভাপতি সৈয়দ তাসনীম হোসাইন তানুর সভাপতিত্বে এতে
অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ। এর আগে স্বাগত
বক্তব্য দেন পদাতিকের নাট্যকর্মী ও সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক।
আসাদুজ্জামান নূর বলেন, ‘চরম সংকটকালে মহিলা সমিতির মাধ্যমে আমাদের নাটকের
প্রসার ও বিকাশ ঘটে। গভীর সেই সংকটের সময়ে আমরা এ দেশের নাট্যানুরাগীদেরকে
শিল্পমানসম্পন্ন নাটক উপহার দিতে সক্ষম হয়েছিলাম। কিন্তু বর্তমানে
ডিজিটাল প্রযুক্তির অবাধ সুযোগ-সুবিধার মধ্যে আমরা আমাদের শিল্প থেকে
বিচ্যুত হয়ে পড়েছি। পারিপার্শ্বিকতার উন্নয়ন ঘটলেও আমাদের নাটকের
উন্নয়ন তেমনভাবে ঘটেনি। পদাতিকের সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি স্মারক
সম্মাননা যাঁরা পেয়েছেন, তাঁরা আমাদের নাট্যচর্চা ও নাট্য আন্দোলনের
দুঃসময়ের কান্ডারি। সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে ইনামুল হক বলেন,
‘আমাকে এই পদক দেওয়াতে পদাতিক নাট্য সংসদের প্রতি আমি কৃতজ্ঞ। সৈয়দ
বদরুদ্দিন হোসাইন একজন ভাষাসৈনিক, সংস্কৃতিকর্মী ও শিক্ষাবিদ ছিলেন। তিনি
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার
লক্ষ্যেই পদাতিকের প্রতিষ্ঠা করেছেন। পদাতিকের সকল সদস্যের প্রতিই আমি
কৃতজ্ঞতাপাশে আবদ্ধ।’ সারা যাকের বলেন, ‘এই পদকের মাধ্যমে কাজের স্বীকৃতি
পেলাম। প্রায় ৪৩ বছর যাবৎ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট আছি। আমি পুরোদস্তুর
নাটকের মানুষ। সবাই দোয়া করবেন, আগামী ১০ থেকে ১৫ বছর যেন অভিনয় ও
নির্দেশনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি।’ এরপর জাতীয় নাট্যশালার প্রধান
মিলনায়তনে পদাতিক নাট্য সংসদ পরিবেশন করে নাটক ‘কালরাত্রি’। একই সময়
জাতীয় পরীক্ষণ থিয়েটার হলে মহাকাল নাট্যসম্প্রদায় পরিবেশন করে
‘নীলাখ্যান’।

No comments:
Post a Comment