![]() |
| রাহুল দ্রাবিড় |
টি-টোয়েন্টি
বিশ্বকাপ শিরোপার সবচেয়ে বড় দাবিদার ছিল তারাই, অথচ তাদেরই বিদায় নিতে
হলো সেমিফাইনালে! স্বাগতিক ভারতকে এটাই বিঁধছে কাঁটার মতো। এক বিরাট
কোহলি ছাড়া বাকি ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে পারেননি, সুপার টেনের শেষ
দুই ম্যাচে তো সেমিফাইনাল-ভাগ্যই ঝুলছিল সুতোর ওপর। ভবিষ্যতে যাতে আর এমন
ব্যর্থতার আগুনে পুড়তে না হয়, সে জন্য স্বদেশি ক্রিকেট কিংবদন্তির হাতেই
দলকে তুলে দিতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। রাহুল
দ্রাবিড়ই নাকি বিসিসিআইয়ের প্রথম পছন্দ! প্রায় এক বছর হলো ভারতীয় ‘এ’ ও
অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করছেন দ্রাবিড়। জাতীয় দলের প্রধান কোচের
দায়িত্ব নিতে তিনি আগ্রহী কি না শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস
লক্ষ্মণকে নিয়ে গড়া বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি সেটি জানতে চেয়েছে তাঁর
কাছে। তবে পুরো প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘দ্রাবিড়
বলেছেন, তিনি ভেবে দেখবেন।’ তবে দুটি শর্তেই দায়িত্ব নিতে পারেন
তিনি—স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, আর দলটিকে নিজের মতো গড়ে তোলার মতো
দীর্ঘ সময়। আগামীকাল এ নিয়ে আলোচনায় বসবে টেন্ডুলকার-গাঙ্গুলীদের কমিটি।
ভারতীয় দলের প্রধান কোচের পদ অবশ্য অনেক দিন ধরেই শূন্য। টিম ডিরেক্টর রবি
শাস্ত্রীর চুক্তির মেয়াদ এই বিশ্বকাপেই শেষ হয়ে গেছে। চুক্তিটি নবায়ন করার
কথা কিংবা শাস্ত্রীকে প্রধান কোচ করার কথা আপাতত ভাবছে না বিসিসিআই।
দ্রাবিড়কে কোচ হিসেবে চাওয়াটা যৌক্তিকই। যখন খেলতেন, ব্যাটিংয়ে তিনি ছিলেন
শুদ্ধতার প্রতিমূর্তি, তিন নম্বরে ব্যাট করে খেতাব পেয়েছিলেন ‘দেয়াল’। শুধু
ব্যাটিং-ই কেন, দ্রাবিড়ের ব্যক্তিত্বও সমান আকর্ষণীয়। মিষ্টভাষী এই
ব্যাটিং কিংবদন্তি ১৬৪ টেস্ট ও ৩৪৪ ওয়ানডের ক্যারিয়ারে একসময় অধিনায়ক হয়ে
টেন্ডুলকার, গাঙ্গুলী, লক্ষ্মণদের মতো তারকাখচিত ভারতীয় দলের নেতৃত্বও
দিয়েছেন। কোচ হিসেবেও বেশ সফল ‘মি. ডিপেনডেবল’, কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯
বিশ্বকাপে ভারতীয় দলকে ফাইনালে তুলে এনেছিলেন। পরামর্শক হিসেবে কাজ করেছেন
আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজিতেও। ৪৩ বছর বয়সী সাবেক ভারতীয় ব্যাটসম্যানকে
কোচ হিসেবে পাওয়ার সম্ভাবনাতেই উচ্ছ্বসিত রবীন্দ্র জাদেজা। ভারতের বাঁহাতি
স্পিনার টুইট করেছেন, ‘বিসিসিআই দ্রাবিড়কে কোচ হতে অনুরোধ করেছে? প্লিজ
দ্রাবিড়, অনুরোধটা রাখুন!’

No comments:
Post a Comment