![]() |
| যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গত শুক্রবার একই পরিবারের আটজনকে গুলি করে হত্যা করা হয় |
যুক্তরাষ্ট্রের
ওহাইও অঙ্গরাজ্যে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে তৎপরতা জোরদার
করা হয়েছে। সেখানে গুলিতে একই পরিবারের আটজন নিহত হওয়ার ঘটনাটি পুলিশ তদন্ত
করছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওহাইওতে
গত শুক্রবার গুলির ঘটনা ঘটে। সেখানকার চারটি পৃথক স্থানে আটজনকে মাথায় গুলি
করে হত্যা করা হয়। হত্যাযজ্ঞের পেছনের সম্ভাব্য কারণ সম্পর্কে জানাতে
পারেনি পুলিশ। নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর ছাড়া বাকি সবাই
প্রাপ্তবয়স্ক। গুলিবিদ্ধ হওয়ার সময় কয়েকজন ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে ধারণা
পুলিশের। ওহাইওর কর্মকর্তারা বলছেন, গুলির ঘটনায় তাঁরা অন্তত একজন
সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন। তাঁকে অস্ত্রধারী ও বিপজ্জনক হিসেবে
বিবেচনা করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, গুলির ঘটনায় তাঁরা অন্তত ৩০
জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তকারীরা
বলছেন, গুলির ঘটনায় একজন, নাকি একাধিক ব্যক্তি জড়িত, তা এখনো অস্পষ্ট।
সংশ্লিষ্ট এলাকার অধিবাসীকে সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ। গুলির ঘটনায় জড়িত
ব্যক্তিদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন ওহাইওর গভর্নর জন কেইসিক।
তিনি বলেছেন, দায়ী ব্যক্তিদের ধরা হবে। বিচারের মুখোমুখি করা হবে। এদিকে
শুক্রবারই যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারী পাঁচজনকে গুলি
করে হত্যা করেছে। পরে বন্দুকধারী আত্মহত্যা করেছে।

No comments:
Post a Comment