Tuesday, April 26, 2016

রানির প্রেমের চিঠি নিলামে

রানি এলিজাবেথ
বর্ণাঢ্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন পালিত হয়েছে বৃহস্পতিবার। কেমন ছিলেন তরুণী এলিজাবেথ? কেমন ছিল তাঁর প্রেমে পড়ার অভিজ্ঞতা? সে কথা তিনি ২১ বছর বয়সেই লিখেছিলেন এক চিঠিতে। এলিজাবেথ আর প্রিন্স ফিলিপের প্রথম প্রেমের সেই কাহিনি নিশ্চয়ই এখনো আকর্ষণীয়। তা না হলে নিলামে ক্রেতাদের মধ্যে হুলুস্থুল পড়বে কেন?
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স ফিলিপের সঙ্গে প্রথম দেখা, প্রথম প্রেমে পড়ার বিষয়গুলো যে দুই পাতার চিঠিতে তরুণী প্রিন্সেস লিখেছিলেন, সম্প্রতি তা নিলামে তুলেছিল যুক্তরাজ্যের একটি নিলাম হাউস। তারা ভেবেছিল, এ চিঠির দাম বড়জোর ৮০০ পাউন্ড থেকে ১ হাজার ২০০ পাউন্ড হতে পারে। কিন্তু চিঠি নিলামে তোলার পর তারা বিস্মিত! ‘দারুণ দাম’ পেয়েছে তারা। ওই চিঠিটি ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। তারা যে দাম ধারণা করেছিল, তার চেয়ে ১৮ গুণ বেশি দাম উঠেছে নিলামে। চিপেনহ্যাম অকশন রুমের কর্মকর্তা রিচার্ড এডমন্ডস বলেন, গুরুত্বপূর্ণ ওই ডকুমেন্ট বিক্রি করাটা সম্মানের বিষয়। বিশেষ করে যখন রানির ৯০তম জন্মদিন পালন করছে গোটা দেশ। ওই চিঠির ইতিহাস সম্পর্কে বিবিসি বলছে, প্রিন্স ফিলিপের সঙ্গে বিয়ের মাস খানেক আগে বিয়ের স্মারক বইয়ের জন্য ওই চিঠি লিখতে সম্মত হন প্রিন্সেস। ওই বইটি লেখার দায়িত্ব পান লেখক বেটি শিউ। সাদা কাগজে কলম দিয়ে রানির নিজ হাতে লেখা চিঠিতে ১৩ বছর বয়সে প্রিন্স ফিলিপের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা, দ্রুতগামী গাড়ির প্রতি দুর্বলতা, কায়রো ও লন্ডনের কোয়াগলিনোর নাইটক্লাবে নাচের বিষয়গুলো উঠে এসেছে। ওয়েলসের সোনা দিয়ে তৈরি বিয়ের আংটি পাওয়ার আকাঙ্ক্ষার কথাও আছে সেই চিঠিতে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯৪৭ সালের নভেম্বরে প্রিন্স ফিলিপের সঙ্গে বিয়ে হয় প্রিন্সেস এলিজাবেথের। ১৯৫৩ সালের জুনে এখানেই রানি হিসেবে অভিষেক হয় তাঁর।

No comments:

Post a Comment