Sunday, April 3, 2016

পালমিরাতে গণকবরের সন্ধান

মরুর মুক্তা খ্যাত প্রাচীন নগর পালমিরায় বেল মন্দিরের
ধ্বংসস্তূপ দেখছেন কয়েকজন সেনাসদস্য। গত রোববার
সিরিয়ার সেনাবাহিনী পালমিরার নিয়ন্ত্রণ নেয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসা প্রাচীন শহর পালমিরাতে একটি গণকবরের সন্ধান মিলেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার এক সংবাদে বলা হয়েছে, ওই গণকবরে অন্তত ৪০টি মরদেহ পাওয়া গেছে। খবর বিবিসির। সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শহরের উত্তর-পূর্বাঞ্চলে পাওয়া ওই গণকবরে নারী, পুরুষ ও শিশুর মরদেহ রয়েছে। তাদের কয়েকজনকে গলা কেটে এবং বাকিদের গুলি করে হত্যা করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সমর্থক মিলিশিয়া বাহিনীর কর্মকর্তা, সেনা ও তাঁদের স্বজনদের মরদেহ পাওয়া গেছে গণকবরে। সেখানে সাধারণ জনগণেরও মরদেহ মিলেছে। সেনাবাহিনীর সূত্রটি জানায়, মরদেহগুলো উদ্ধার করে হোমস শহরের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। গত রোববার রুশ বাহিনীর সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী আইএসকে হটিয়ে দিয়ে পালমিরার নিয়ন্ত্রণ নেয়। গত বছরের মে মাসে আইএস ওই অঞ্চল দখল করে নিয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, পালমিরা দখলের পর থেকে আইএস জঙ্গিরা ওই অঞ্চলে অন্তত ২৮০ জনকে হত্যা করে।

No comments:

Post a Comment