Monday, April 18, 2016

লালবাগে সড়ক খোঁড়াখুঁড়ি দেড় মাস যান চলাচল বন্ধ

পয়োনিষ্কাশন লাইন নির্মাণের জন্য প্রায় দেড় মাস ধরে পুরান
ঢাকার লালবাগের রাজনারায়ণ ধর সড়কে চলছে খোঁড়াখুঁড়ি।
কিন্তু নির্মাণকাজের ধীরগতির কারণে ওই সড়কে চলাচলকারী
পথচারীর দুর্ভোগের শেষ নেই। ছবিটি গতকাল তোলা
পুরান ঢাকার লালবাগের রাজনারায়ণ ধর সড়কে পয়োনিষ্কাশন লাইন নির্মাণ করতে পুরো সড়কটি খুঁড়ে ফেলা হয়েছে। প্রায় দেড় মাস ধরে সড়কে যানচলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পয়োনিষ্কাশন লাইনের নির্মাণকাজ চলছে ধীরে। কবে নাগাদ কাজ শেষ হবে, তা কেউ জানে না। এই এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে মালামাল আনা-নেওয়ায় ব্যাঘাত ঘটছে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, লালবাগ কেল্লার পশ্চিম-দক্ষিণ সীমানা (কেল্লার মোড়) থেকে রাজনারায়ণ ধর সড়কের শ্মশানঘাট এলাকা পর্যন্ত পুরো সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। সড়কের বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা ইট-পাথর, মাটি ও বালি। এর ফলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বড় বড় গর্ত থাকায় পায়ে চলাও বেশ বিপজ্জনক। লোকজন ঝুঁকি নিয়েই গর্ত এড়িয়ে চলাচল করছে। সড়কের বিভিন্ন স্থানে কয়েকজন শ্রমিককে ইট ভাঙতে দেখা গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাতাসে উড়ছে ধুলাবালি। কিল্লার মোড় থেকে হেঁটে সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কে যাচ্ছিলেন কামরাঙ্গীরচরের বাসিন্দা তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ব্যবসার কাজে এই সড়ক দিয়ে প্রায়ই রাজধানীর বিভিন্ন এলাকায় যেতে হয়। কিন্তু দেড় মাস ধরে সড়কটি খুঁড়ে রাখায় এই সড়কে যান চলাচল বন্ধ। ঠিকমতো হাঁটাও যায় না। আর সঙ্গে মালামাল থাকলে অনেক দূর ঘুরে যাতায়াত করতে হয়। রাজনারায়ণ ধর সড়কের মোতালেব স্টোরের মালিক তাজুল ইসলাম বলেন, সড়কে যানচলাচল বন্ধ থাকায় দোকানে বেচাকেনা কমে গেছে। এ ছাড়া আড়ত থেকে মালামাল আনতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে সড়কে চলা দায়।ডিএসসিসি সূত্র জানায়, ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় আগে পয়োনিষ্কাশনের কোনো লাইন ছিল না। ছোট ছোট বিভিন্ন ড্রেন দিয়ে ময়লা পানি অপসারণ করা হতো। এখন নতুন করে বড় লাইন নির্মাণ করায় পুরো সড়কই খুঁড়তে হয়েছে। জানতে চাইলে ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, পয়োনিষ্কাশন লাইনের নির্মাণকাজ আরও আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নিয়মিত কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে লালবাগের অন্যান্য সড়কে যানজট লেগে থাকে। বিষয়টি ডিএসসিসির ৩ নম্বর জোনের প্রকৌশলীকে জানানো হয়েছে।

No comments:

Post a Comment