আইনশৃঙ্খলা
পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়ায় দেশ এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলে
মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ দুপুরে
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য
করেন। রিজভী আহমেদ বলেন, গুলি, বোমা বিস্ফোরণ, কেন্দ্র দখল করে ক্ষমতাসীন
দলের সন্ত্রাসীরা লাইন ধরে নৌকা প্রতীকে সীল মারা, ব্যালট বাক্স ছিনতাই,
জাল ভোটের মধ্য দিয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন শেষ হয়েছে। এখন দেশজুড়ে
চলছে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র তান্ডব। সারাদেশেই এখন বিএনপি
নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে। গত শনিবার
দেশব্যাপী ৪৮ জেলার ৬১৪টি ইউনিয়নের ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় সহিংস
সংঘাত ও আইনশৃংখলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে আরো ৫ জন। অর্ধশতাধিক লোক
গুলিবিদ্ধ হয়েছে। তিনি বলেন, দেশজুড়ে সরকার দলীয় সন্ত্রাসীদের তা-বের
পাশাপাশি গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ,
গণধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সারা দেশে খুনের
মহোৎসব চলছে। ঘরে থাকলে খুন, বাইরে বেরুলে গুম হচ্ছে মানুষ। শিশু অপহরণ করে
মুক্তিপণ আদায় এবং স্কুল কলেজের ছাত্রদের ধরে নিয়ে গায়েব করে দেয়া হচ্ছে।
খালে-বিলে-ডোবা-নালায় মিলছে মানুষের লাশ। নারী ও শিশুদের নির্যাতনের পর
হত্যা করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়ায় দেশ এখন
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, সেদিন আর খুব
দূরে নয়- ভোটারবিহীন সরকার ও তাদের পালিত নির্বাচন কমিশন মিলে গোটা
নির্বাচনী ব্যবস্থা ও বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে দেয়ার জবাব এই দেশের
জনগণকে দেবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে গ্রাম থেকেই প্রতিবাদী মানুষ
এখন জেগে উঠছে। শিগ্গিরই এই দুঃশাসনের অবসান ঘটবে, অবৈধ সরকারের পতন
নিশ্চিত হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment