Saturday, April 2, 2016

বিনিয়োগে গতি আনাই বড় চ্যালেঞ্জ: আইসিসিবি

বেসরকারি বিনিয়োগে গতি আনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করাই হলো চলতি ২০১৬ সালে দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ জন্য কাঠামোগত সংস্কারসহ অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়ন অপরিহার্য। গতকাল বুধবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) ২১তম বার্ষিক সভায় উপস্থাপিত প্রতিবেদনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে আগামী ছয় বছর বর্তমান অবস্থা ধরে রাখতে হবে। কিন্তু শিল্পের শক্ত ভিত্তি, পর্যাপ্ত অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান (গ্যাস, কয়লা) সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিনিয়োগ বৃদ্ধি এবং প্রশিক্ষিত শ্রমিক তৈরি ও উৎপাদনশীল কর্মসংস্থান ছাড়া প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত রাখা কষ্টকর হয়ে পড়বে। আইসিসিবির প্রতিবেদনে আরও বলা হয়, দেশে সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিনিয়োগ বৃদ্ধিরও প্রয়োজন পড়বে। উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বিভিন্ন দেশ থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশের রয়েছে বলে সভায় জানানো হয়। সভায় আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান ও রোকিয়া এ রহমান; পর্ষদ সদস্য আফতাব উল ইসলাম, এ এস এম কাশেম, মাহবুব জামিল, কুতুবউদ্দিন আহমেদ, মাকসুদ খান ও তপন চৌধুরী; মহাসচিব আতাউর রহমান; এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন; ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম; বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক; বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী; বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ (রুমী) আলী; এয়ারটেলের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা আশরাফুল এইচ চৌধুরী উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment