Saturday, April 30, 2016

ইরাকে হঠাৎ হাজির বাইডেন

জো বাইডেন। ছবি: এএফপি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন অঘোষিত সফরে গতকাল বৃহস্পতিবার ইরাকে গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম বাইডেন সে দেশে গেলেন। চলতি মাসে ইরাক সফরে যাওয়া উচ্চ পর্যায়ের তৃতীয় মার্কিন কর্মকর্তা বাইডেন। চলতি মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বাগদাদ সফর করেন। ইরাকে রাজনৈতিক সংকট ও জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে সেদেশে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সফরকে তাৎপর্যপূর্ণ বিবেচনা করা হচ্ছে। বাইডেনের এই সফর রাজনৈতিক সংকট থেকে উত্তরণ এবং আইএসবিরোধী যুদ্ধে ইরাক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিকে ইঙ্গিত করে। ইরাকে অনেক দিন ধরেই রাজনৈতিক সংকট চলছে। আবার দেশটিকে আইএসের মতো জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধেও লড়তে হচ্ছে। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার একটা বড় ভূখণ্ড নিজেদের দখলে নেয় আইএস। কিছু ভূখণ্ড পুনর্দখল করেছে ইরাকি বাহিনী।

No comments:

Post a Comment