গাজীপুরের
শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক সদস্য
প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার
মারতা গ্রামের বনকড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন
(৫০)। তিনি প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে
প্রার্থী হয়েছিলেন। ২৩ এপ্রিল সেখানে নির্বাচন হবে। শ্রীপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের ভাষ্য, গাজীপুর সদর উপজেলায়
এক ব্যবসায়ীর মায়ের জানাজায় অংশ নিতে গিয়েছিলেন আক্তার হোসেন। সেখান থেকে
শ্রীপুরে ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে তাঁর ওপর হামলা হয়। দুর্বৃত্তের
ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তিনি। পূর্ববিরোধের জের ধরে আক্তার হোসেন
খুন হতে পারেন বলে পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা। প্রহ্লাদপুর ইউপির
চেয়ারম্যান আবু সাইদ আকন্দ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বছর
কয়েক আগে স্থানীয় কয়েকজনের ওপর হামলা হয়। ওই হামলার ঘটনায় দায়ের হওয়া
মামলায় জেলে যান আক্তার হোসেন। পরে জামিনে মুক্ত হন তিনি। পূর্ববিরোধের জের
ধরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক
(এএসআই) রফিকুল ইসলাম বলেন, আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল
থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment