Sunday, April 3, 2016

জয়ে শুরু ব্রাদার্সের

অবনমিত হওয়ার এক মৌসুম পর আবারও পেশাদার লিগে ফিরেছে উত্তর বারিধারা। চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন দলটি এবার তারুণ্যনির্ভর দল গড়েছে। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে শুরুটা মোটেও ভালো হলো না তাদের। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। ম্যাচের ৩২ মিনিটে ব্রাদার্স মিডফিল্ডার মেজবাহর শট বারিধারার ডিফেন্ডার আরিফুলের গায়ে লেগে পোস্টে ঢোকে। প্রথমার্ধে চোখে পড়ার মতো ওই একটাই আক্রমণ ছিল ব্রাদার্সের। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা ছিল বারিধারার। কিন্তু দুর্ভাগ্য, ম্যাচের ৫০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ শিতুল। কিন্তু ১০ জনের দলের সঙ্গেও বাকি ৪০ মিনিটে দাপট দেখাতে পারেনি ব্রাদার্স। ৮৪ মিনিটে ব্যবধান বাড়ানো গোলের কৃতিত্ব শুধুই এনকোচা কিংসলের। মাঝমাঠ থেকে এই নাইজেরিয়ান একাই টেনে নিয়ে গিয়ে গোল করেন, যদিও তাঁর জোরালো শট গোলরক্ষক রাজীবের হাতে লেগেছিল। আউডু ইব্রাহিমের জন্য এই ম্যাচটি ছিল অন্য রকম। টানা সাত মৌসুম ঢাকা আবাহনীতে খেলা ঘানাইয়ান ফরোয়ার্ড এবার যোগ দিয়েছেন ব্রাদার্স ইউনিয়নে। কমলা জার্সিতে কালই প্রথম খেলেছেন। যদিও ব্রাদার্সের হয়ে প্রথম ম্যাচটি গোল করে রাঙিয়ে রাখতে পারেননি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই আবার ফুটবলে ফিরলেন ব্রাদার্স কোচ মহিদুর রহমান মিরাজ। ওয়ারী ক্লাবের কর্মকর্তা হিসেবে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনি বহিষ্কৃত হয়েছিলেন। আজকের খেলা: শেখ জামাল-মোহামেডান, আবাহনী-ফেনী সকার (বিকেল ৪-৩০ মি., সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।

No comments:

Post a Comment