![]() |
| রাজশাহীতে সময়টা যে দারুণ কাটছে সাব্বির রহমানের, স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সেলফিটা তা-ই বলে |
এ
মুহূর্তে মাশরাফি-তামিমদের ব্যাটে-বলে শান দেওয়ার তোড়জোড় নেই। নেই মাঠের
ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়দের এখন অখণ্ড
অবসর—আছেন ছুটিতে। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন
মুর্তজা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে আছেন ঢাকাতেই। তবে দু-এক দিনের
মধ্যে সপরিবারে তাঁর ঘুরতে যাওয়ার কথা ভারতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে
ফেরার পর স্ত্রী উম্মে আহমেদকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন সাকিব আল হাসান।
কদিনের ছুটি কাটিয়ে আইপিএল খেলতে পরশু উড়াল দিয়েছেন এই অলরাউন্ডার।
মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা একই রকম। সাতক্ষীরায় নিজ বাড়িতে কিছুদিন
কাটিয়ে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার প্রথমবারের মতো আইপিএল খেলতে একই দিনে
গেছেন ভারতে। এই দুজন বাদে বাকি সবাই অবসর পাচ্ছেন আরও কিছুদিন। বিশ্বকাপ
থেকে ফেরার পর তামিম ইকবাল ছিলেন ঢাকাতেই। বাংলাদেশের বাঁহাতি ওপেনার কাল
গেছেন নিজের শহর চট্টগ্রামে। সেখানে শিশুপুত্র আর পরিবারের সঙ্গে কয়েকটা
দিন কাটিয়ে ঢাকায় ফিরে শুরু করবেন ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার
লিগে খেলার প্রস্তুতি। তামিমের মতো মুশফিকুর রহিমও ভারত থেকে ফিরে
ঢাকাতেই ছিলেন। পরশু সস্ত্রীক গেছেন নিজের শহর বগুড়ায়। আগামীকাল ঢাকায়
ফেরার কথা বাংলাদেশ টেস্ট অধিনায়কের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে
ধারাবাহিকভাবে ভালো করা সাব্বির রহমানের ছুটিটা শুরু হয়েছে একটু দেরিতে।
প্রথম কদিন তাঁর কেটেছে ঢাকার বাসা বদলানোর ব্যস্ততায়। তিনি রাজশাহীতে
গেছেন ২ এপ্রিল। জানিয়েছেন, প্রিমিয়ার লিগের সূচি চূড়ান্ত হওয়ার পরই ঢাকায়
ফিরবেন। সাব্বিরের মতো নাসির হোসেন ছুটি কাটাচ্ছেন নিজের বাড়িতেই। পরশু
যখন তাঁর সঙ্গে কথা হলো, তিনি রংপুরে। বললেন, ঢাকায় ফিরবেন চার-পাঁচ দিনের
মধ্যেই। নেত্রকোনায় সময়টা বেশ ভালো যাচ্ছে বাঁহাতি পেসার আবু হায়দারের।
খুলনায় প্রিয়জনদের সঙ্গে দারুণ মুহূর্ত কাটছে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল
হাসানেরও।
![]() |
| মালদ্বীপে দুই আত্মীয়ের সঙ্গে তাসকিন আহমেদ |
পেসার আল আমিন অবশ্য বাড়ির পর্ব শেষ করে ৪ এপ্রিল ঝিনাইদহ থেকে ফিরেছেন
ঢাকায়। সবচেয়ে ভালো সময় কাটছে বোধ হয় তাসকিন আহমেদের। বাংলাদেশ দলের
খেলোয়াড়দের মধ্যে একমাত্র তিনিই ছুটি কাটাচ্ছেন বিদেশে। অবৈধ বোলিং
অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নির্বাসিত এই পেসার ২৯
মার্চ দুই আত্মীয়ের সঙ্গে উড়াল দিয়েছেন শ্রীলঙ্কায়। ৩ এপ্রিল ২১ বছরে পা
দেওয়া তাসকিনের জন্মদিন কেটেছে শ্রীলঙ্কায়। ফেসবুকে জানিয়েছেন, সেখানে
তাঁকে নাকি চমকে দিয়েছেন বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ। ৪
এপ্রিল শ্রীলঙ্কা থেকে তাসকিন চলে গেছেন মালদ্বীপে। সৌম্য সরকারের ছুটিটা
কাটছে একটু অন্যভাবে। তাঁর যেন ‘ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে’। রানখরায়
ভুগতে থাকা সৌম্যর ছুটির দিনগুলো কাটছে ক্রিকেট নিয়েই। ছন্দে ফিরতে
সাতক্ষীরা সরকারি স্কুল ও সরকারি কলেজ মাঠে নিয়ম করে অনুশীলন করছেন এই
বাঁহাতি ব্যাটসম্যান। কখনো বা স্থানীয় বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে
ম্যাচও খেলছেন। এই অলস সময়ে খানিকটা জিরিয়ে নিচ্ছে বাংলাদেশের ‘হোম অব
ক্রিকেট’ মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামও। প্রতিদিনই নীরবতায় ঢাকা থাকে
চারপাশ। জাতীয় দলের ক্রিকেটারদের সেখানে কেউ ঢুঁ মারলে ক্ষণিকের চাঞ্চল্য
জাগে। প্রিমিয়ার লিগ শুরু হলে হয়তো আবার জেগে উঠবে মিরপুর।


No comments:
Post a Comment