ইংরেজি
দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে করা
৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক
শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম
সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একই
সঙ্গে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এই ৭২টি মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা
করা হবে না, তা সরকারের কাছে জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। রুল নিষ্পত্তি
না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে ৩ এপ্রিল
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত
হাইকোর্ট বেঞ্চ থেকে ৬৬ মামলায় চার সপ্তাহ করে আগাম জামিন পান মাহ্ফুজ
আনাম। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা আদালতে হাজির হয়ে তিনি ১০টি মামলায় জামিন
পান। গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময়
সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে
মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন।
পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও
যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক
স্ট্যাটাসে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে
বিচার চান। এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ডেইলি স্টার
বন্ধ করা এবং মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। পরদিন থেকেই
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। দেশের ৫৩ জেলায় তাঁর
বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মোট ৮২টি মামলা হয়।
মামলাগুলোর বাদী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের
নেতা এবং সরকারি কৌঁসুলিরা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment