Tuesday, April 12, 2016

শেষ চৈত্রে বাড়ছে তাপ, বৃষ্টির কোনো আভাস নেই

চৈত্রের দাবদাহে হঁাসফঁাস করছে মানুষ। অতিষ্ঠ পাখিরাও।
অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে রাজধানীর সোহরাওয়ার্দী
উদ্যানে কৃত্রিম জলাধারে গা জুড়িয়ে নিচ্ছে শালিকটি
টানা কয়েক দিনের বৃষ্টিহীন চৈত্রে দেশের বায়ুমণ্ডলের তাপাঙ্ক ক্রমাগত বেড়ে চলেছে। গত আট দিনে তাপমাত্রা বেড়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে (চুয়াডাঙ্গায়)। নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে তাপপ্রবাহ। ফলে দুঃসহ গরমে সারা দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। এর মধ্যে কর্মজীবী মানুষ, শিশু ও বয়োবৃদ্ধদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। শহর-নগর-গ্রামনির্বিশেষে পথচলতি মানুষ গরমে বিপর্যস্ত হয়ে পড়ছেন। গরমের কারণে শিশুদের ব্যাকটেরিয়াল ডায়রিয়াসহ কিছু অসুখেরও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গরমে বিদ্যুতের ব্যবহার বেড়ে গেছে। তারপরও চাহিদা অনুযায়ী বিদ্যুতের উৎপাদন হচ্ছে। কিন্তু সঞ্চালন ও বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ঢাকাসহ শহর-নগরে এবং আরও বেশি গ্রামাঞ্চলে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। তাতে মানুষের কষ্ট বেড়েছে আরও। আজ-কালের মধ্যে গ্রীষ্ম-পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের রেকর্ড উদ্ধৃত করে কর্তব্যরত আবহাওয়াবিদেরা বলেছেন, গত শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ বইছিল শুধু কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে। গতকাল তা পাবনা ও যশোর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। মাঝারি এবং মৃদু তাপপ্রবাহেরও বিস্তার ঘটেছে নতুন নতুন অঞ্চলে। গতকাল সমগ্র ঢাকা বিভাগ, রংপুর বিভাগ এবং রাজশাহী, বগুড়া ও সাতক্ষীরা অঞ্চলের ওপর দিয়ে স্থানভেদে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এর আগের দিন পর্যন্ত তা এতটা বিস্তৃত ছিল না। মাঝারি তাপপ্রবাহে তাপমাত্রা থাকে ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে। আর মৃদু তাপপ্রবাহে থাকে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়াবিদেরা বলছেন, কয়েক দিন ধরে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে, আজ মঙ্গলবার সিলেট বিভাগ ছাড়া দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে গরম ও তাপাঙ্ক দুই-ই বাড়বে। ৫ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত আট দিনে তাপমাত্রা বেড়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি। ৫ এপ্রিল রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা বেড়ে হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে তা আসতে আরও দু-এক দিন অপেক্ষা করতে হবে। তারপর কালবৈশাখী, বজ্রবৃষ্টি, এমনকি বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড় পর্যন্ত হতে পারে।

No comments:

Post a Comment