Monday, April 4, 2016

রমজানে সরবরাহে বাধা দিলে আইনি ব্যবস্থা: তোফায়েল

আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের সরবরাহ ও মজুতে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সারা বছর নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী তদারকি চলছে। রমজান মাসের আগেই নিত্যপণ্যের আমদানিকারক, ডিলার, পাইকার ও খুচরা ব্যবসায়ীসহ মতবিনিময় করা হবে। কোনো মহল মজুত বা সরবরাহে বাধার সৃষ্টি করলেই আইনি ব্যবস্থা। এ ব্যাপারে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তোফায়েল। তিনি বলেন, প্রচারিত সংবাদের ওপর বাজারদর ও সরবরাহে প্রভাব পড়ে। মন্ত্রী বলেন, একসময় খাদ্যপণ্যে মানুষের জন্য ক্ষতিকর ফরমালিন ব্যবহারের অভিযোগ পাওয়া গিয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ফলে এখন আর খাদ্যপণ্যে ফরমালিন ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে না।

No comments:

Post a Comment