Thursday, April 7, 2016

বৈশাখে দুই নতুন গানের ভিডিও

সালমার গানের ভিডিওর মডেল আশফাক ও সুজানা
পয়লা বৈশাখ সামনে রেখে আসছে দুটো নতুন গানের মিউজিক ভিডিও। এর মধ্যে একটি গান তৈরি করেছেন প্রীতম হাসান। তাঁর সঙ্গেএতে কণ্ঠ দিয়েছেন কুদ্দুছ বয়াতি। গানের ভিডিওতেও দেখা যাবে প্রীতম ও কুদ্দুছ বয়াতিকে। অন্য গানটি সংগীতশিল্পী সালমার। এই গানের ভিডিওতে মডেল হয়েছেন সুজানা জাফর ও আশফাক। ৯ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হবে প্রীতমের ‘আসো মামা হে’ গানের মিউজিক ভিডিও। এই গানে লোকগানের শিল্পী কুদ্দুছ বয়াতিকে দেখা যাবে হিপহপ শিল্পীদের মতো টি-শার্ট, জ্যাকেট, টুপি, স্নিকার্স ও গলায় মোটা চেইন পরে গাইতে। তাঁর গায়কিতেও থাকবে হিপহপ ঢং। ‘আসো মামা হে’ গানটির সুর ও সংগীতায়োজন প্রীতম হাসানের। গানটি প্রীতমের স্বনামে প্রকাশিত প্রথম একক অ্যালবামে রয়েছে। জিপি মিউজিকে রয়েছে এই অ্যালবামের সবগুলো গান। গানটি লিখেছেন সোমেশ্বর অলি। হিপহপ ঘরানার এই গান নিয়ে কুদ্দুছ বয়াতি বলেন, ‘এখনকার আধুনিক ছেলেমেয়েরা যেমন গান করে, আমার এই নতুন গানটিও তেমন। তরুণ ছেলেমেয়েদের কথা মাথায় রেখেই গানের ভিডিওটি করা। আমাকে আধুনিক পোশাক পরানো হয়েছে এই ভিডিওতে। অনেক মজা করে কাজ করেছি।’
‘আসো মামা হে’ গানের দৃশ্যে কুদ্দুছ বয়াতি
এদিকে পয়লা বৈশাখের দিনই মুক্তি পাবে সালমার গাওয়া ‘আমার মনের ছোট্ট ঘরে, বৃষ্টি ভাইঙ্গা পড়ে’ শিরোনামে গানটির ভিডিও। এতে মডেল হিসেবে দেখা যাবে সুজানা জাফরকে। আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন আহমেদ রাজীব। সালমা তাঁর এই গান নিয়ে বলেন, ‘মাস ছয়েক আগে গানটি বেরিয়েছিল একটি মিশ্র অ্যালবামে। এবার সেই গানটির মিউজিক ভিডিও নির্মিত হলো।’ আর মডেল সুজানা বললেন, ‘এই মিউজিক ভিডিওতে আমাকে নতুন ‘‘লুক’’-এ দেখা যাবে। দর্শকেরা কখনোই আমাকে এভাবে দেখেননি।’ সালমা ও প্রীতমের দুটো গানের ভিডিওই প্রকাশ করছে গানচিল। এ গান দুটোর ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান। নির্মাতা জানালেন, সালমার গানটির শুটিং হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ায় আর প্রীতম ও কুদ্দুছ বয়াতির গানের ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে পুরান ঢাকা, তেজগাঁওসহ ঢাকার বিভিন্ন স্থানে।

No comments:

Post a Comment