বেসিক
ব্যাংক জালিয়াতির ঘটনায় করা মামলায় ব্যাংকটির মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল
আবেদীন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল
মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বেসিক
ব্যাংক মামলার তদন্ত তদারককারী কর্মকর্তা ও দুদকের পরিচালক সৈয়দ ইকবাল
হোসেনের নেতৃত্বে একটি দল জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের পর সংস্থার কার্যালয়ে
এনে জিজ্ঞাসাবাদ করে। বিকেলে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চান
উপপরিচালক মোরশেদ আলম। ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক ১১ এপ্রিল শুনানির
দিন ধার্য করে জয়নাল আবেদীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে বেসিক
ব্যাংক জালিয়াতির ঘটনায় করা ৫৬ মামলার আট আসামিকে গ্রেপ্তার করল দুদক। ওই
ঘটনায় করা পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীন চৌধুরী। বেসিক
ব্যাংকে জালিয়াতির ঘটনার সময় তিনি ব্যাংকটির প্রধান শাখার প্রধান ছিলেন। এর
আগে চলতি বছরের ৭ জানুয়ারি রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের সামনে থেকে
বেসিক ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মো.
সেলিম এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও গুলশান শাখার প্রধান শিপার আহমেদকে
গ্রেপ্তার করে দুদক। ২৭ মার্চ রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান
থেকে তিন ব্যবসায়ী ও এক ব্যাংকারকে গ্রেপ্তার করে সংস্থাটি। ওই চার ব্যক্তি
হলেন মেসার্স এমারেল্ড ড্রেসেস লিমিটেডের সৈয়দ হাসিবুল গণি, এশিয়ান শিপিং
বিডির প্রোপ্রাইটর মো. আকবর হোসেন, ফারশি ইন্টারন্যাশনাল লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরী এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ের
সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ব্যাংকটির
সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হলেও
তাঁকে বাদ দিয়েই গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও
গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। ৫৬ মামলায় মোট আসামি ১২০ জন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment