রংপুর
নগরের দেওডোবা এলাকায় পুলিশের তাড়া খেয়ে গত সোমবার রাতে এক ব্যক্তি
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত সাইফুল ইসলামের (৪৫) বাড়ি বদরগঞ্জ
উপজেলার মধুপুর ইউনিয়নের শালবাগান গ্রামে। পুলিশের দাবি, সাইফুল মাদক
ব্যবসায়ী ছিলেন এবং তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে চারটি মামলা
রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম
বলেন, গোপন সূত্রে পুলিশ খবর পায় রংপুর শহরের বদরগঞ্জ রোডে প্রাইম
হাসপাতালের পেছনে মাদকের লেনদেন হচ্ছে। রাত ১২টার দিকে সেখানে পুলিশের একটি
দল পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম দৌড়ে পালানোর
চেষ্টা করেন। পুলিশও তাঁকে ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে সাইফুল মাটিতে পড়ে
অচেতন হয়ে যান। সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হলে রাতে তাঁর মৃত্যু হয়। রংপুর মেডিকেলের পরিচালক আ স ম বরকতুল্লাহ প্রথম
আলোকে বলেন, সাইফুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের
প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত ব্যক্তির স্ত্রী
লিলি বেগম কোতোয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছেন।
তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে
মৃত্যুর কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন। প্রাইম হাসপাতালের এক চিকিৎসক
বলেন, হাসপাতালের পেছনে মাদকের ব্যবসা চলে। সাইফুলকেও সেখানে দেখা গেছে
আগে। পুলিশ প্রায়ই সেখানে অভিযান চালায়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment