Sunday, April 17, 2016

জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পে ধসে পড়া বাড়ির ইটের টুকরো ও সুরকি পরিষ্কার করছেন জাপানের এক নারী
জাপানে ভূমিকম্পে নয়জন নিহত হওয়ার এক দিনের মাথায় গতকাল শুক্রবার রাতে আবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে এ ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। তবে পরে তা তুলে নেওয়া হয়। নতুন ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয় বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, গত রাতের কিউশু দ্বীপে আঘাত হানা সর্বশেষ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭। তাৎক্ষণিকভাবে ওই দ্বীপের পশ্চিমাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পে আহত হওয়ার অনেক খবর পাওয়া গেছে। এ ছাড়া ধসে গেছে একটি সেতু। এর আগে গত বৃহস্পতিবার রাতে একই অঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। ২০১১ সালের পর এটিই ছিল দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে গতকাল সন্ধ্যা পর্যন্ত অন্তত নয়জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। আহত ব্যক্তির সংখ্যা প্রায় এক হাজার। বৃহস্পতিবারের ভূমিকম্পে বেশ কিছুসংখ্যক দালানকোঠা ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়। বিধ্বস্ত ভবনের নিচে অনেকে আটকে পড়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হতাহত ও চাপা পড়া লোকজনকে উদ্ধারে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় জোর তৎপরতা। গতকালও তা অব্যাহত ছিল। আতঙ্কিত অনেকে দ্বিতীয় রাতের মতো এদিন খোলা আকাশের নিচে রাত কাটান। কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে দ্রুতগতির একটি ট্রেনও লাইনচ্যুত হয়। ঐতিহাসিক কুমামোতো দুর্গের ছাদ ধসে পড়ে।

No comments:

Post a Comment