নিউইয়র্ক
অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইপর্বের
গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী মঙ্গলবার। তার চার দিন আগে বৃহস্পতিবার
নিউইয়র্ক মহানগরের ব্রুকলিনে নবম ও সম্ভবত শেষবারের মতো মুখোমুখি বিতর্কে
অংশ নিলেন ডেমোক্রেটিক পার্টির দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও
বার্নি স্যান্ডার্স। বিষয়বস্তুর চেয়ে দুই প্রার্থীর একে অপরের প্রতি
ক্রুদ্ধ ও বিদ্রূপাত্মক মন্তব্য ও সমালোচনার জন্য বেশি নজর কাড়ে এ বিতর্ক।
হিলারি ও বার্নি দুজনেরই জন্য এই বিতর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
মঙ্গলবারের নির্বাচনে এই রাজ্যের ২৯১ জন ডেলিগেটের অধিকাংশ আয়ত্তে আনতে
পারলে দলীয় মনোনয়নের লড়াইতে এগিয়ে যাওয়া সহজ হবে। বিতর্কের শুরুতেই
স্যান্ডার্স ঘোষণা করেন, তিনি ‘ইতিপূর্বে করা হয়নি’ এমন একটা কাজ করছেন, আর
তা হলো মার্কিন জনগণের কাছে সত্য তুলে ধরা। স্যান্ডার্সের মুখের কথা শেষ
হতে না হতেই হিলারি তাঁর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি মনে করিয়ে দেন, গত সপ্তাহে নিউইয়র্কের ডেইলি নিউজ পত্রিকাকে দেওয়া
সাক্ষাৎকারে স্যান্ডার্স বৃহৎ ব্যাংকগুলোকে বিভক্ত করার যে প্রস্তাব
রেখেছেন, তা কীভাবে অর্জিত হবে, সে কথা ভালোভাবে ব্যাখ্যা করতে ‘ব্যর্থ
হন’। হলভর্তি দর্শকের সামনে অনুষ্ঠিত বিতর্কে দুজনেই একে অন্যের দুর্বল
দিকগুলো আক্রমণ করেন। স্যান্ডার্স যে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে
একসময় অনাগ্রহ দেখিয়েছেন, সে কথা বারবার স্মরণ করিয়ে দেন হিলারি। অন্যদিকে,
হিলারি যে বৃহৎ ব্যাংকগুলো থেকে ভাষণ দিয়ে মোটা অর্থ কামিয়েছেন এবং
ওয়ালস্ট্রিটের ধনকুবেরদের কাছ থেকে লাখ লাখ ডলার চাঁদা তুলেছেন, সে কথা
উল্লেখ করে স্যান্ডার্স দাবি করেন ওয়াল স্ট্রিটের সঙ্গে হিলারির ঘনিষ্ঠ
সম্পর্ক রয়েছে। বৈদেশিক নীতি প্রশ্নে ইরাক ও লিবিয়ায় মার্কিন অভিযান ছাড়া
অন্য যে বিষয়ে এই দুই প্রার্থী বাদানুবাদে লিপ্ত হন তা হলো ইসরায়েলের সঙ্গে
মার্কিন সম্পর্ক। হিলারি ইসরায়েলের সঙ্গে মার্কিন বিশেষ সম্পর্কের প্রবল
সমর্থক। অন্যদিকে স্যান্ডার্স ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি আচরণের
সমালোচনা করে বলেন, সে দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে সর্বদা ঠিক নন,
সে কথা তাঁকে সময়-সময় জানিয়ে দেওয়া উচিত। তবে তীব্র বিতর্ক হওয়া সত্ত্বেও
হিলারি বা স্যান্ডার্স কেউই একে অপরকে ‘নক আউট’-এ ধরাশায়ী করতে পারেননি।
সর্বশেষ জনমত জরিপে নিউইয়র্কে স্যান্ডার্সের চেয়ে হিলারি ১৩ পয়েন্টে এগিয়ে
রয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment