![]() |
| ইনামুল হক ও সারা যাকের |
‘সৈয়দ
বদরুদ্দীন হোসাইন স্মৃতি সম্মাননা’ পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব ইনামুল হক ও
সারা যাকের। এ বছর সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের দ্বিতীয় দিনে
বরেণ্য দুই নাট্যব্যক্তিত্বকে এই সম্মান জানানো হবে। আজ মঙ্গলবার বিকেলে এক
সংবাদ সম্মেলনে নাট্যোৎসব ও স্মারক সম্মাননা নিয়ে নানা তথ্য জানায় পদাতিক
নাট্য সংসদ। আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার শুরু হচ্ছে পাঁচ দিনের ‘সৈয়দ
বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’। ওই দিন বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার
শিরীন শারমিন চৌধুরী। উৎসবের দ্বিতীয় দিন ৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায়
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে স্মারক সম্মাননার
অনুষ্ঠান। এই দিন প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর,
সম্মানিত অতিথি মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার ও বিশেষ অতিথি থাকবেন
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এবারের উৎসবে যোগ দিচ্ছে
ঢাকার আটটি ও ভারতের দুটি নাটকের দল। উৎসব চলাকালীন শিল্পকলা একাডেমির
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে একই সঙ্গে দেখানো হবে
দুটি নাটক। এ ছাড়া মূল মিলনায়তনের বাইরের উন্মুক্ত স্থানে বিকেল থেকে
সন্ধ্যা পর্যন্ত থাকবে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে নাট্যশিল্পের বিকাশ ও গ্রুপ থিয়েটার আন্দোলনে
অবদানের জন্য প্রতিবছর পদাতিক নাট্য সংসদ এ সম্মাননা দিয়ে আসছে। এর আগে এ
সম্মাননা জানানো হয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শিমূল ইউসুফ, ম. হামিদ,
ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান,
কেরামত মওলা, আলী যাকের, সৈয়দ শামসুল হক, মমতাজ উদ্দীন আহমদ ও আসাদুজ্জামান
নূরকে।

No comments:
Post a Comment