Wednesday, April 6, 2016

তত্ত্বাবধায়ক আমলে খালেদার মুক্তির জন্য একজনও নামেনি

মতিয়া চৌধুরী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির একজন কর্মীও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নামেনি। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে থেকে শেখ হাসিনার কারা মুক্তির আন্দোলন করেছে। আর সেই বিএনপি এখন গণতান্ত্রিক সরকারের সময় জ্বালাও-পোড়াও করে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ‘শেখ হাসিনার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এ মন্তব্য করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। মতিয়া চৌধুরী বলেন, বিএনপি সরকারে থাকলেও গ্রেনেড মারে। বিরোধী দলে থাকলেও গ্রেনেড মারে। তিনি বলেন, দেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ অতিক্রম করেছে। কিন্তু কিছু অর্থনীতিবিদ কবিরাজের মতো নিদান হাঁকেন। তাঁরা চান দেশের মানুষ খারাপ থাকুন। আর তাঁরা আবার প্রধানমন্ত্রী, সচিবালয় ও হাওয়া ভবন দখল করবেন। আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তবে তিনি বলেন, ‘এটা খালেদার আসল চেহারা নয়। তাঁর আসল চেহারা হলো জঙ্গিবাদ। বাংলাদেশকে তারা জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়।’ দিবসটির স্মৃতিচারণা করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, তখন ঢাকা মহানগর শাখার বর্ধিত সভার মাধ্যমে শেখ হাসিনার মুক্তি আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু হয়। মাত্র দুই সপ্তাহে ঢাকা শহর থেকে ২৫ লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়।

No comments:

Post a Comment