Monday, April 11, 2016

নাট্যোৎসবে দুই মঞ্চে তিন নাটক by মাসুম আলী

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে জাতীয় নাট্যশালায়
রোববার মঞ্চস্থ ‘গহর বাদশা বানেছা পরী’ একটি দৃশ্য
সৈয়দ বদরুদ্দীন হোসাইন একাধারে ছিলেন ভাষাসৈনিক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন রাজনীতির সঙ্গেও। একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য ব্যক্তিত্ব এসব পরিচয়ের পাশাপাশি যুক্ত ছিলেন দেশের নাট্য আন্দোলনেও। পদাতিক নাট্য সংসদের (টিএসসি) আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইন পঞ্চাশের দশকের নাট্যকর্মীদের সঙ্গে যেমন কাজ করেছেন, তেমনি স্বাধীনতা–উত্তর বাংলাদেশের তরুণ প্রজন্মের নাট্যকর্মীদের সঙ্গেও গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। প্রয়াত এই বরেণ্য ব্যক্তিত্বের ১১ এপ্রিল ৯৩তম জন্মদিন। তাঁর এই জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতিধন্য ‘পদাতিক নাট্য সংসদ-টিএসসি’ আয়োজন করেছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব।
পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ ‘বন্দুকযুদ্ধ’ নাটকের একটি মুহূর্ত
৭ এপ্রিল সন্ধ্যায় উদ্বোধন হওয়া এ নাট্যোৎসবের চতুর্থ দিন ছিল আজ রোববার। এদিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হয় নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘গহর বাদশা বানেছা পরী’। এই নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। একই সময়ে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে ‘নাট্যকেন্দ্র’ মঞ্চায়ন করে নাটক ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’। আলফ্রেড ফারারের ‘দ্য ট্র্যাপ’ অবলম্বনে ‘বন্দুকযুদ্ধ’ এবং তৌফিক আল হাকিমের ‘ডংকি মার্কেট’ অবলম্বনে এই নাটক দুটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। এর আগে বিকেল থেকে শিল্পকলার জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে পদাতিক নাট্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার শেষ দিন সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে জাতীয় নাট্যশালার মূল হলে ভারতের নাট্যদল ‘অনিক’ মঞ্চায়ন করবে তাদের নাটক ‘পুনরুজ্জীবন’ এবং একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে দেশের অন্যতম নাট্যসংগঠন ‘পদাতিক নাট্য সংসদ’ মঞ্চায়ন করবে নাটক ‘জনমাংক’।
পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় ‘গাধার হাট’ নাটকটিও
এ ছাড়া প্রতিদিনের মতো বিকেল পাঁচটায় শিল্পকলার জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

No comments:

Post a Comment