![]() |
| গ্র্যামি ও বিলবোর্ড জয়ী জোহান অ্যালকোভারের (মাঝে) সঙ্গে চিরকুটের সদস্যরা |
লাতিন
গ্র্যামি, লাতিন বিলবোর্ড আর বিএমআইজয়ী প্রযোজক জোহান অ্যালকোভার ও
তাঁর দলের সঙ্গে একটি গান করবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট। এই উদ্যোগ
নিয়েছে যুক্তরাষ্ট্রের রেকর্ড লেবেল ইওন্ডার মিউজিক। আগামী ৬ ও ৭ এপ্রিল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রনক্সের উই লাউড স্টুডিওতে গানটি রেকর্ড করা
হবে। আজ রোববার দুপুরে ম্যানহাটন থেকে মুঠোফোনে জানিয়েছেন চিরকুটের
সদস্য শারমীন সুলতানা সুমী। সুমী বলেন, ‘সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবের পর
প্রযোজক ও সংগীতশিল্পী জোহান অ্যালকোভারের সঙ্গে গান গাওয়ার প্রস্তাব
আমাদের জন্য উল্লেখযোগ্য ঘটনা। আজ আমরা উই লাউড স্টুডিওতে জোহান
অ্যালকোভারের সঙ্গে চমৎকার কিছু সময় কাটিয়েছি। তিনি আমাদের গান শুনেছেন।
আমাদের গানের দারুণ প্রশংসা করেছেন। আমাদের উৎসাহ দিয়েছেন।’ চিরকুট কোন
গানটি করবে? সুমী বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত করিনি। তবে “খাজনা” অথবা
“কানামাছি” গানটি করতে চাচ্ছি। কিন্তু জোহান অ্যালকোভার আমাদের একটি নতুন
গান করার জন্য অনুরোধ করেছেন। গানটি স্টুডিওতে বসে লেখা হবে, সেখানেই সুর
দেওয়া হবে এবং রেকর্ড করা হবে। চিরকুটের সঙ্গে গানটিতে জোহান অ্যালকোভার
ও তাঁর দল মিউজিক করবেন, কণ্ঠ দেবেন। গানটি শিগগিরই যুক্তরাষ্ট্রসহ
বিশ্বের বিভিন্ন জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্মে রিলিজ করবে ইওন্ডার মিউজিক।
এসব প্ল্যাটফর্ম থেকে গানটি ডাউনলোড করা যাবে।’ জোহান অ্যালকোভার লাতিন
সংগীতের জনপ্রিয় ‘বাচাটা’ ধারার গান করে। সুমী জানান, এবার বাচাটা ধারার
সঙ্গে বাংলাদেশি সুরের এক মেলবন্ধন তৈরি হবে। চিরকুট সম্প্রতি
যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে সাউথ বাই সাউথওয়েস্ট
(এসএক্সএসডব্লিউ) উৎসবে অংশ নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দুই সহস্রাধিক
নামী ব্যান্ড ও শিল্পী গান করেছেন এই উৎসবে। আন্তর্জাতিক খ্যাতনামা সংগীত
বিপণন প্রতিষ্ঠানগুলো এই উৎসব থেকে বেছে নেয় সম্ভাবনাময় শিল্পী, ব্যান্ড,
গীতিকার, সুরকার, প্রযোজক আর সংগীত আয়োজকদের।

No comments:
Post a Comment