Monday, April 18, 2016

হারবেন বুঝে ইসিকে দুষছেন মমতা by অমর সাহা

নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই হেরে বসে আছেন। পরাজয় নিশ্চিত জেনেই তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন। মমতা এখন কার্যত কোনো রাজনৈতিক দলের সঙ্গে লড়ছেন না, লড়ছেন নির্বাচন কমিশনের সঙ্গে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে গতকাল রোববার এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন। কৃষ্ণনগরের সরকারি কলেজ মাঠে বিজেপি এ সমাবেশের আয়োজন করে। শুরুতেই মোদি বাংলা ভাষায় বলেন, ‘শুভ নববর্ষ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসা দেখে খুব ভালো লাগে।’ বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি ভঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে। এই নোটিশের জবাব দেওয়ার কথা মমতা বা তাঁর দলের। কিন্তু সেই জবাব দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব, একজন সরকারি কর্মকর্তা। মোদি প্রশ্ন করেন, ‘কেন তিনি মুখ্য সচিবকে দিয়ে জবাব দিলেন? এর মাধ্যমে মমতা ক্ষমতার অপব্যবহার করছেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে ভারতের নির্বাচন কমিশনের একটা মর্যাদা আছে। মমতার উচিত নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করা।’ মোদি বলেন, সারদার চিটফান্ডে প্রতারিত হয়েছে পশ্চিমবঙ্গের বহু গরিব মানুষ। নারদ কেলেঙ্কারিতে ক্যামেরার সামনে টাকা নিয়েছেন মমতার নেতারা। তিনি প্রশ্ন করেন, এটাই কি মমতার ‘পরিবর্তন’? মোদি বলেন, ‘যদি সিপিএমের নেতাদের ছবি দেখা যেত, তবে কি মমতা এ নিয়ে তদন্ত করাতেন না? ওইসব ছবি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেন না?’
কলকাতার উড়ালসড়ক বিপর্যয়ের ঘটনা সিন্ডিকেট কালচারের ফসল—এ মন্তব্য করে মোদি বলেন, বাংলার উন্নয়নের জন্য এই সিন্ডিকেট কালচার বন্ধ করা উচিত। তিনি চান এই বাংলার ভাগ্য পরিবর্তন করতে। এ জন্য প্রয়োজন উন্নয়ন, দ্রুতগতিতে উন্নয়ন এবং চারদিকে উন্নয়ন। এই লক্ষ্য নিয়ে চলতে চান তিনি। সন্ত্রাসমুক্ত বাংলা গড়ার জন্য জনগণকে বিজেপির পাশে দাঁড়ানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘মমতা বলেছেন, ১৯ মের পর নির্বাচন কমিশনকে দেখে নেবেন। মমতা যদি গত পাঁচ বছরে রাজ্যের মানুষের দুঃখ দেখতেন, তাহলে ১৯ তারিখের পর নির্বাচন কমিশনকে দেখে নেওয়ার কথা বলতেন না।’ কৃষ্ণনগরের পর বিকেলে কলকাতায় অপর এক জনসভায় মোদি বলেন, মমতা পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এসে নিজেই পরিবর্তিত হয়ে গেছেন।

No comments:

Post a Comment