Tuesday, May 24, 2016

সিরিয়া ও ইয়েমেনে আইএসের বোমা হামলা, নিহত ১৮৯

সিরিয়ার দামেস্কে বোমা হামলায়
ক্ষতিগ্রস্ত গাড়ি l এএফপি
সিরিয়া ও ইয়েমেনে গতকাল সোমবার বোমা হামলায় নিহত হয়েছেন ১৮৯ জন। এর মধ্যে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দুটি শহরে হামলায় ১৪৮ জন নিহত হন। ২০১১ সালে সিরীয় সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই হতাহতের সবচেয়ে বড় ঘটনা। আর ইয়েমেনের এডেন শহরে আত্মঘাতী বোমা হামলায় ৪১ জন নিহত হয়েছেন। উভয় দেশে এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গতকাল সকালে জাবলেহ ও তারতুস শহরে প্রায় একই সময়ে সাতটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি শহরেই মূলত বাসস্টেশনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১৪৮ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, তারতুসে বাসস্টেশনকে লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানকার বিভিন্ন গাড়ি পুড়ে গেছে। অনেকগুলো গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজে দেখা যায়, জাবলেহ শহরে বাসস্টেশন এবং একটি সরকারি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়। রাষ্ট্রমালিকানাধীন সিরিয়ান টিভি জানিয়েছে, একজন আত্মঘাতী পায়ে হেঁটে এবং আরেকজন গাড়িতে করে বাসস্টেশনে হামলা চালিয়েছে। বাশার আল-আসাদ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এসব এলাকায় এত বড় ধরনের হামলা বিরল। বিবিসি জানিয়েছে, ইয়েমেনে সেনাবাহিনীতে নিয়োগের জন্য সারিতে অপেক্ষমাণ ব্যক্তিদের ওপর আইএসের আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। বন্দরনগরী এডেনের খোরমাকাসার এলাকায় সেনাবাহিনী একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বাড়ির সামনে এ হামলা চালানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই পাশে সেনাবাহিনীর একটি বেসে দ্বিতীয় হামলা চালানো হয়। এ ঘটনায় বহু লোক আহত হন। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সাময়িক রাজধানী হিসেবে ব্যবহার করা হচ্ছে এডেন শহরকে। দেশটির রাজধানী সানার নিয়ন্ত্রণ হুতি বিদ্রোহীদের হাতে রয়েছে। সরকার-সমর্থিত বাহিনী সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক জোটের চেষ্টায় এডেনের নিয়ন্ত্রণ নিয়েছে গত গ্রীষ্মে। তবে আইএস সমর্থক এবং তাদের প্রতিদ্বন্দ্বী জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার হামলার নিয়মিত লক্ষ্যস্থল হচ্ছে শহরটি।

No comments:

Post a Comment