
‘রাজা’ শব্দটা কানে বাজলেই কল্পনায় ভেসে ওঠে সভাসদভরা দরবারের মধ্যমণি হয়ে সিংহাসনে আসীন গুরুগম্ভীর কেউ। ছদ্মবেশে রাজ্যের পথে-প্রান্তরে কিংবা বাজারে চাল-ডালের দরদামের দৃশ্যেও তাঁকে কল্পনা করা কঠিন কিছু নয়। তাই বলে একেবারে রসুইখানায়? তাও আবার রাজার পেঁয়াজ-মরিচ কাটার দৃশ্য?
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের এমনই একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ১৯ মে টুইট করেন ব্যবসাপ্রতিষ্ঠান আরপিজি এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান হারশ গোয়েঙ্কা। এরপর থেকেই টুইটার ও ফেসবুকে তা ভাইরাল হয়ে গেছে। হারশ জানিয়েছেন, ভুটানের পূর্বাঞ্চলীয় মনগার শহরে একটি কমিউনিটি স্কুলে শিক্ষার্থীদের খাবার প্রস্তুতের সময় ভুটানরাজ নিজেই রীতিমতো বাবুর্চি বনে যান। পেঁয়াজ-মরিচ আর সবজি কেটে ছাত্রদের খাবার প্রস্তুতে সহায়তা করেন তিনি। অবশ্য সমালোচকেরা বসে নেই। তাঁরা বলছেন, ভুটানের ড্রুক গিয়ালপো বা ‘ড্রাগন কিং’ এভাবে পেঁয়াজ-মরিচ কেটে রাজবংশের ভাবগাম্ভীর্যের সর্বনাশ করেছেন। তবে এ ছবিতে নম্রতা আর মানবিকতার শিক্ষা খুঁজে পাচ্ছেন ইতিবাচক মনোভাবের মানুষেরা। এর আগে চলতি বছরের প্রথম দিকে ছেলের জন্মোৎসব করতে গিয়ে এক লাখেরও বেশি বৃক্ষ রোপণ করে আলোচনায় আসেন ৩৬ বছর বয়সী জিগমে ওয়াংচুক। বাবা জিগমে শিংয়ে ওয়াংচুকের পদত্যাগের পর ২০০৬ সালের ৯ ডিসেম্বর সিংহাসনে আরোহণ করেন ভুটানের বর্তমান রাজা জিগমে ওয়াংচুক।
No comments:
Post a Comment