যুক্তরাষ্ট্রে
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার নেপথ্যে সৌদি আরবের হাত
ছিল, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা
সংস্থা সিআইএর প্রধান জন ব্রেনান। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির ‘মিট
দ্য প্রেস’ অনুষ্ঠানে গত রোববার দেওয়া এক সাক্ষাৎকার এ কথা বলেন ব্রেনান।
মিট দ্য প্রেসে ব্রেনান বলেন, একটা ধারণা প্রচলিত আছে, ওই হামলায় সৌদি
আরবের হাত আছে। মার্কিন কংগ্রেসের কিছুসংখ্যক সদস্যও এ রকম অভিযোগ
তুলেছেন। কিন্তু এই ধারণা ‘দৃঢ়, পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত নয় এবং তা
সঠিকও নয়’। নিউইয়র্কের টুইন টাওয়ারসহ একাধিক লক্ষ্যবস্তুতে সেদিনের হামলায়
অংশ নেওয়া বলে অভিযুক্ত ব্যক্তিদের বেশির ভাগই সৌদি নাগরিক। সিআইএর প্রধান
৯/১১-এর হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের গত সপ্তাহে প্রকাশিত ২৮ পৃষ্ঠার
তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে কথাগুলো বলেন। ওই প্রতিবেদনে ৯/১১-এর হামলায়
সৌদি আরব এবং তাদের কথিত সংযোগের বিষয়ে আলোকপাত করা হয় বলে সিবিএস
নিউজকে জানান তদন্ত কমিটির সাবেক প্রধান বব গ্রাহাম। ব্রেনান বলেন,
কংগ্রেসের প্যানেল অত্যন্ত স্পষ্টভাবে এটি প্রমাণ করেছে যে, ওই হামলায়
যুক্তরাষ্ট্র সরকার অথবা সরকারের কোনো ব্যক্তি আল-কায়েদাকে আর্থিক কোনো
সহায়তা দেননি। সিআইএ-প্রধান বলেন, ‘তদন্তে স্পর্শকাতর বিভিন্ন সূত্রের
ব্যবহার করা হয়েছে বলেই এটি জনসমক্ষে তুলে ধরা হয়নি।’ ৯/১১-এর হামলায় জঙ্গি
সংগঠন আল-কায়েদার হাত ছিল বলে যুক্তরাষ্ট্র মনে করে। এর প্রতিশোধ নিতে
যুক্তরাষ্ট্র আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার জন্য
আফগানিস্তানের তালেবানকে হামলা চালিয়ে উৎখাত করে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment