Tuesday, May 24, 2016

আসলাম আরও দুই মামলায় গ্রেপ্তার, রিমান্ড আবেদন

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে এবার দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। মতিঝিল ও লালবাগ থানায় করা এই দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ৫৪ ধারায় গ্রেপ্তার আসলাম চৌধুরীকে সাত দিনের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। ওই মামলা দুটির তদন্ত কর্মকর্তারা দুই মামলায় তাঁর ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রথম আলোকে বলেন, নাশকতার এই দুই মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডও চাওয়া হয়েছে। আদালত সূত্র বলছে, বিকেলে এ রিমান্ড শুনানি হতে পারে। এর আগে রিমান্ডে নেওয়ার আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন আসলাম চৌধুরীর আইনজীবীরা। গত রোববার এ বিষয়ে হাইকোর্ট বলেছিলেন, ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে আসলাম চৌধুরীকে রিমান্ডে নেওয়ার আবেদন করতে পারবে না পুলিশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে ১৫ মে সন্ধ্যায় খিলক্ষেত থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

No comments:

Post a Comment