Thursday, May 12, 2016

ঢাকা-ইসলামাবাদ পাল্টাপাল্টি তলব

জামায়াত আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর দেয়া প্রতিক্রিয়াকে কেন্দ্র করে রাষ্ট্রদুতকে পাল্টাপাল্টি তলব করেছে ঢাকা ও ইসলামাবাদ। মঙ্গলবার রাতে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তান সংসদে নিন্দা প্রস্তাব পাস করে। একইসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় দেশটি। এর কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। এরপর আজ পাকিস্তান স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইসলামাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাজমুল হুদাকে ডেকে নেয়া হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ বিষয়ে তিনি মানবজমিনকে বলেন, নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে পাকিস্তান সংসদে যে নিন্দা প্রস্তাব পাস করেছে সেটা আনুষ্ঠানিকভাবে আমাকে জানিয়েছে। এছাড়া পাকিস্তান সরকার নিন্দা জানিয়ে যে বিবৃতি দিয়েছিল সেটাও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ১০-১২ মিনিট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে  যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাংলাদেশের অবস্থানের বিষয়টিও তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে তলব করা হয়েছে। আজ বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।

No comments:

Post a Comment