Saturday, May 14, 2016

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখপাড়ায় বৃদ্ধ এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে বিহারে তাঁর লাশ পাওয়া গেছে। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম উ গাইন্দ্যা (৭০)। তিনি গ্রাম থেকে কিছুটা দূরে ছোট একটি বিহারে একাই থাকতেন। উপরশাখপাড়ার কারবারি (পাড়াপ্রধান) অঞোথোয়াই চাঁদের ভাষ্য, সকালে ওই বিহারে ভিক্ষুর খাবার দিতে গেলে তাঁর লাশ পাওয়া যায়। তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে জানান। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। কে বা কারা কেন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না। ভিক্ষু হওয়ার আগে উ গাইন্দ্যার গৃহী নাম ছিল মংসৌই উ চাঁদ। গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুর্বৃত্তরা যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও মঞ্চনাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে। এর দুদিন আগে ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে তাঁর শালবাগানের বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। এর এক দিন আগে ২২ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরমানন্দ রায় নামের এক সাধু ছুরিকাঘাতে নিহত হন।

No comments:

Post a Comment