Saturday, May 14, 2016

আনসার ক্যাম্পে হামলার ঘটনায় মামলা

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের নিরাপত্তায় নিয়োজিত আনসার ক্যাম্পে হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা হয়েছে। ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ডাকাতকে মামলার আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে আনসার প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে ওই মামলা করেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ মামলার বিষয়টি জানিয়ে বলেছেন, অস্ত্র উদ্ধারের জন্য শরণার্থীশিবিরের আশপাশে যৌথ অভিযান চলছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা অস্ত্রাগার লুট করতে চাইলে বাধা দেন ক্যাম্পের আনসার কমান্ডার মো. আলী হোসেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে প্রাণ হারান তিনি। পরে দুর্বৃত্তরা ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়। যাওয়ার পথে দুর্বৃত্তদের দায়ের কোপে আহত হন রোহিঙ্গা শরণার্থীশিবিরের এক বাসিন্দাও। এর আগে গত বছরের ১৫ মার্চ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরে ডাকাতদের সঙ্গে আনসার সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই আনসার সদস্য আহত ও এক ডাকাত নিহত হন। নয়াপাড়া শরণার্থীশিবিরে প্রায় ১৯ হাজার রোহিঙ্গা বাস করে।

No comments:

Post a Comment