Wednesday, May 11, 2016

রাজউক কলেজের সাফল্যের ধারা অব্যাহত

এবারের এসএসসি পরীক্ষায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ৫৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছে ৬১০ জন। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ প্রাপ্তির হার গতবারের চেয়ে বেড়েছে। আজ বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এসএসসির ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজউক কলেজ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কলেজ থেকে এসএসসিতে গত বছর জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ছিল ৯০ দশমিক ৮৪ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪৬ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগে ৫৩৫ জনের মধ্যে ৫১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর ব্যবসা শিক্ষা বিভাগে ৭৫ জনের মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে। বিগত কয়েক বছর ধরে সাফল্যের শীর্ষে থাকা কলেজটি অব্যাহত সাফল্যের রহস্য সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন প্রথম আলোকে বলেন, ভালো ফলের জন্য আলাদাভাবে খুব বেশি প্রচেষ্টা নিতে হয়, এমন নয়। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ, পরীক্ষা ও মূল্যায়ন—এগুলোই ভালো ফলের কারণ। এর পাশাপাশি আছে অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা। রাজউক কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমাদের মনোযোগ ভালো শিক্ষার্থীর পাশাপাশি একজন ভালো মানুষ তৈরি করা।’ চৌধুরী রাহিমা নামের এক অভিভাবক বলেন, তাঁর মেয়ে রেহনুমা তাসনীম বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তাঁর মেয়ের এই সাফল্যের পেছনে শিক্ষকেরা অসাধারণ ভূমিকা পালন করেছেন।

No comments:

Post a Comment