![]() |
| ইরাকের আইএস-নিয়ন্ত্রিত ফালুজা শহর পুনর্দখলের জন্য গতকাল সরকারি বাহিনী শহরটির দিকে অগ্রসর হয়। দেশটির প্রধানমন্ত্রী সেখানে সর্বাত্মক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন l এএফপি |
ইরাকে
ফালুজা শহর ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনর্দখলের উদ্দেশ্যে অভিযান
শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। গতকাল সোমবার ভোরে শহরে আইএস অবস্থানের
ওপর হামলা চালানো শুরু হয়েছে। বাসিন্দারা বলেন, শহরের দক্ষিণ প্রান্তে
আল-হায়াকি এলাকায় বিমান হামলার মাধ্যমে সামরিক অভিযান শুরু হয়েছে। সেখানে
আইএসের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে দিনের আলোয় হামলার
ব্যাপকতা কমে এসেছে। বিবিসি জানিয়েছে, ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি
করেছে, সেনাবাহিনীর হামলায় আইএসের ৩০ জন সদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে
শহরে আইএসের গভর্নর হাজি হামজাও রয়েছেন। তবে আইএস পরিচালিত আমাক বার্তা
সংস্থা জানিয়েছে, আত্মঘাতী হামলা চালিয়ে সেনাবাহিনীর ট্যাংক ও বুলডোজার
উড়িয়ে দেওয়া হয়েছে। এতে ১৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শহরের অধিবাসীরা
বলেন, তাঁরা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া চেষ্টা করছেন। তবে রাস্তার কিনারায়
বোমা পুঁতে রেখেছে আইএস। ফলে নিরাপদে সরে যাওয়া কঠিন হয়ে পড়েছে। জঙ্গিরা
তাঁদের শহর ছাড়তে বাধা দিয়ে আসছে। এএফপি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী
হায়দার আল আবাদি নিজেই অভিযান পর্যবেক্ষণ করছেন। লড়াই শুরুর আগেই শহরটি
ছেড়ে যেতে প্রস্তুত থাকার জন্য শহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে ইরাকি
বাহিনী। বাসিন্দাদের জন্য নিরাপদ পথ করে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে তারা।

No comments:
Post a Comment