Tuesday, May 24, 2016

রোহিঙ্গা ইস্যুতে ‘সময়’ চাইলেন সু চি

অং সান সু চি
মিয়ানমার সরকারের অন্যতম শীর্ষ নেতা অং সান সু চি বলেছেন, দেশটির রোহিঙ্গা দুর্দশা লাঘবের জন্য ‘পর্যাপ্ত সময়’ দরকার। মিয়ানমারে রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী সু চিকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চাপ দিলে, এর প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গত সপ্তাহেই মিয়ানমারে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্কট মার্সিয়েলকে ‘রোহিঙ্গা’ শব্দটি বলতে সু চি মানা করেছিলেন। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আগের মতোই ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করবে। ২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ-মুসলিম দাঙ্গা শুরুর পর সেখানকার সংখ্যালঘিষ্ঠ প্রায় সোয়া এক লাখ মুসলিম রোহিঙ্গা বাস্তুহারা হয়। এরপর গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে অর্ধশত বছরের সেনাশাসনের অবসান টেনে সু চি ও তাঁর দল ক্ষমতায় বসে। কিন্তু দেশটির রোহিঙ্গা মুসলিমরা সেখানে প্রচণ্ড বৈরিতার শিকার হলেও সু চির দলের মধ্যেও অনেকের এ ধরনের মনমানসিকতা হওয়ায় অবস্থার দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। মিয়ানমারে সফররত মার্কিন কেরি রাজধানী নেপিডোতে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, তিনি ‘অত্যন্ত স্পর্শকাতর’ ও ‘বিভেদকারী’ রোহিঙ্গা ইস্যু নিয়ে সু চির সঙ্গে কথা বলেছেন। কেরি বলেন, ‘সমস্যা সমাধানে মনোযোগ নিবন্ধ করাই কঠিন।’ এ সময় সু চি বলেন, ‘মানুষকে বুঝতে হবে আমরা কী সমস্যার মুখোমুখি এবং সমস্যা সমাধানে আমাদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত।’ রোহিঙ্গা নিহত: এদিকে থাইল্যান্ডে পুলিশের গুলিতে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলেছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক অভিবাসন শিবির থেকে বন্দীরা গণহারে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালালে একজন রোহিঙ্গার প্রাণহানি ঘটে। এ সময় তিনজন বন্দীকে আটক করা হয় এবং পালিয়ে যান ১৭ জন।

No comments:

Post a Comment