Sunday, May 8, 2016

নিম্নমানের নির্মাণে জনগণের ভোগান্তি বাড়ে: রাষ্ট্রপতি

আইইবির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন
রাষ্ট্রপতি আবদুল হামিদ l ছবি: ফোকাস বাংলা
অবকাঠামো উন্নয়ন খাতে কাজের মান নিশ্চিত করতে ভূমিকা পালনের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ত্রুটিপূর্ণ নিম্নমানের রাস্তা ও ভবন নির্মাণ কেবল জনগণের অর্থের অপচয়ই নয়, বরং এতে জনগণের ভোগান্তি বাড়ে। গতকাল শনিবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চত্বরে প্রতিষ্ঠানটির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। আইইবি সভাপতি ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর এবং আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান মেজবাহুর রহমান অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন। রাষ্ট্রপতি বলেন, দুঃখজনক হলেও সত্য, প্রায়ই ত্রুটিপূর্ণ ও নিম্নমানের সড়ক এবং ভবন নির্মাণের খবর সংবাদপত্রে প্রকাশিত হয়। রডের বদলে বাঁশ ব্যবহৃত হচ্ছে—এমন খবরও ছাপা হয়েছে। প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, কাজের মান নিশ্চিত করতে অবশ্যই আপনাদের ভূমিকা পালন করতে হবে। প্রকৌশলীদের প্রতি দেশ ও জাতির বিশাল প্রত্যাশা রয়েছে—এ কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, পরিবেশবান্ধব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষম এমন অবকাঠামো নির্মাণে অবশ্যই আপনাদের ভূমিকা রাখতে হবে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলারÿক্ষেত্রেও প্রকৌশলীদের অবশ্যই কার্যকর ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রকৌশলীরা তাঁদের জ্ঞান, মেধা, সৃষ্টিশীলতা ও শ্রম দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন।

No comments:

Post a Comment