Sunday, May 8, 2016

বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন মৌন মিছিল

রেজাউল করিম হত্যা
অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে সিনেট ভবনের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ইংরেজি বিভাগ। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সিনেট ভবনের সামনে সকাল ১০টায় মানববন্ধন করে শিক্ষক সমিতি। এতে যোগ দেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, ‘আমরা কোনো কাজে মন দিতে পারছি না। না পারছি ক্লাস নিতে, না পারছি পরীক্ষা নিতে, না পারছি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে। আমরা শঙ্কায় আছি। তাই যত দিন অধ্যাপক রেজাউল হত্যার বিচার না হবে, তত দিন আন্দোলন চালিয়ে যাব।’ তিনি এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি জানান। ইংরেজি বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, ‘বিচার না হওয়ার কারণে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি না। তাই সরকারের কাছে দাবি জানাই, দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার করে আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে দিন।’ মানববন্ধনে আরবি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বলেন, একের পর এক হত্যা কোনো রাষ্ট্রে চলতে পারে না। যেখানে জ্ঞান চর্চা হবে না, সংস্কৃতি চর্চা হবে না, মুক্তবুদ্ধির চর্চা হবে না, সেখানে জাতি ধ্বংস হতে বাধ্য। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী কাল জামায়াতের ডাকা হরতালের মধ্যেও আমাদের কর্মসূচি চলবে। সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’ মানববন্ধন শেষে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে সমাবেশ করে। এতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার, প্রভাষক রিদিতা মিজান, অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি প্রমুখ। গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। মামলাটি নগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment