![]() |
| রাহুল গান্ধী |
হেলিকপ্টার
কেনা নিয়ে কেলেঙ্কারি ‘চপারগেট’ বিজেপি ও কংগ্রেসের সম্পর্ককে নতুন করে
বিষিয়ে দিয়েছে। কাদা ছোড়াছুড়ির মধ্যে বিজেপির নেতা কিরিট সোমাইয়া গতকাল
মঙ্গলবার ওই কেনা-বেচার সঙ্গে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর জড়িত থাকার
অভিযোগ আনেন। রাহুলও খোঁচা দিয়ে জবাব দিয়েছেন। এর ফলে ভারতীয় সংসদের এই
অধিবেশনেও অভিন্ন কর ও পণ্য পরিষেবা (জিএসটি) বিল নিয়ে সরকার ও
বিরোধীপক্ষে মতৈক্য হওয়ার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঘুষ দিয়ে অগস্তা
ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার বিক্রির বিষয়টি ইতালির আদালতে নিশ্চিত হওয়ার পর
ভারতের রাজনীতি নতুন করে চনমনে হয়ে উঠেছে। বিজেপি ও কংগ্রেস এ নিয়ে একে
অপরকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কিরিট সোমাইয়ার অভিযোগ, রাহুলের
ঘনিষ্ঠ পরামর্শদাতা কণিষ্ক সিং এমন এক ‘মিডলম্যান’ বা দালালের সঙ্গে
জড়িত, যিনি ঘুষের বিনিময়ে অগস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার চুক্তি
করিয়েছিলেন। গতকাল সংসদ ভবনে ঢোকার মুখে কিরিটের এই অভিযোগ নিয়ে প্রশ্ন
করা হলে রাহুল বলেন, ‘আমি সব সময়ই ওদের লক্ষ্য। ওরা আমাকে টার্গেট করেই
চলেছে। আমার খারাপ লাগছে না।’ রাহুলের এই খোঁটার জবাবে কেন্দ্রীয়
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং বলেন, ‘অনেকেই প্রচারের বলি হতে
পছন্দ করেন। রাহুলও যদি তেমনটা পছন্দ করেন, তা হলে ভালোই। তাঁকে স্বাগত।’
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের মতো ভিভিআইপিদের জন্য ১২টি
হেলিকপ্টার কেনার প্রস্তাব ভারতীয় বিমানবাহিনী দিয়েছিল এনডিএ আমলে। ২০১০
সালে ৩ হাজার ৬০০ কোটি রুপিতে চুক্তিটি বাস্তবায়িত হয়। তৎকালীন ভারতীয়
বিমানবাহিনীর প্রধান এস পি ত্যাগী বরাবরই এই চুক্তির সঙ্গে যুক্ত ছিলেন।
কিন্তু পরবর্তী সময়ে দেখা যায়, চুক্তি বাস্তবায়নে ৩৬০ কোটি রুপি দালালি
নেওয়া হয়েছে। এ টাকার একটা বড় অংশ ভারতের তৎকালীন রাজনৈতিক নেতাদের পেছনে
খরচ করা হয়েছে। ২০১৩ সালে ঘুষের খবর জানাজানি হওয়ায় কংগ্রেস নেতৃত্বাধীন
ইউপিএ সরকার চুক্তিটি বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ইতালির যে
আদালত এ-সংক্রান্ত রায় দেন, তাতে ‘সিনোরা গান্ধী’, মনমোহন সিং, প্রণব
মুখার্জি, আহমেদ প্যাটেলসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও আমলার নাম
উল্লেখ করা হয়েছে, যদিও ঘুষের সঙ্গে এই নেতাদের সংশ্লিষ্ট থাকার কোনো
নির্দিষ্ট প্রমাণ দেওয়া হয়নি। ইতালির আদালতের রায়ের পর থেকেই কংগ্রেসের ওপর
বিজেপি রাজনৈতিক চাপ বাড়ায়। সংসদে এ নিয়ে প্রতিদিন গোলমাল হচ্ছে। বিজেপি
সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী একেবারে সরাসরি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ঘুষ
নেওয়ার অভিযোগ তুলেছেন। ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে কংগ্রেসও পাল্টা প্রশ্ন
তুলেছে, বিজেপি দুই বছরেও তদন্তের কাজ কেন শেষ করতে পারেনি তা নিয়ে। এই
অবস্থাতেই রাহুলকে জড়িয়ে কিরিট সোমাইয়ার অভিযোগ। ইতালির মিলান শহরের
আদালতের রায়ের পর সিবিআই নড়েচড়ে বসেছে। সাবেক বিমানবাহিনীর প্রধান এস পি
ত্যাগীকে গত সোমবার সিবিআই টানা জেরা করে। গতকালও সেই জেরা অব্যাহত ছিল।

No comments:
Post a Comment