Friday, May 6, 2016

১৬৮ মামলার পুনঃশুনানি নয়

নিষ্পত্তি হওয়া ১৬৮ মামলার রায়ের পুনঃশুনানি হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে এসব মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল প্রধান বিচারপতি এ সংক্রান্ত বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানান। পূর্ণাঙ্গ রায় লেখা হয়নি এমন মামলাগুলোর মধ্যে সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের ৭টি ও আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ১৬১টি মামলা রয়েছে। গত ২রা মে এ মামলাগুলো পুনঃশুনানির জন্য আপিল বিভাগের দুই বেঞ্চের কার্যতালিকায় আসে। এরই মধ্যে প্রধান বিচারপতি গতকাল সব মামলার পুনঃশুনানি না করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের সিদ্ধান্ত জানান। আপিল বিভাগের এ সিদ্ধান্তকে ইতিবাচক আখ্যায়িত করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিষয়টিকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। সাধারণ বিচারপ্রার্থীদের মঙ্গলের জন্য এটা করা হয়েছে। তিনি বলেন, কোনো কোনো মামলার ৪-৫ বছর পার হয়েছে, কেউ কেউ মারা গেছেন। এসব বিবেচনায় প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে দু’একটি মামলায় পুনঃশুনানি হতে পারে। ২০১৫ সালের পহেলা অক্টোবর অবসরে যান আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অবসরে যাওয়ার পর ১৬১টি মামলার রায় লেখার দায়িত্ব ছিল তার। অবসরে যাওয়ার আগে এসব মামলার আপিল বিভাগে শুনানি হয়। পাশাপাশি সংক্ষিপ্ত রায়ও প্রকাশিত হয়। কিন্তু পূর্ণাঙ্গ রায় লেখা বাকি ছিল। গত ১৭ই জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে এক বাণীতে অবসরের পরে রায় লেখাকে সংবিধান পরিপন্থী হিসেবে উল্লেখ করেন।

No comments:

Post a Comment