Monday, May 9, 2016

মালিকই এবার ভাঙছেন ঝুঁকিপূর্ণ বাড়ি

সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার একটি
ঝুঁকিপূর্ণ বাড়ি গতকাল থেকে ভাঙা শু​রু
করেছেন মালিক নিজেই। প্রকৌশলীদের
নিয়ে বাড়িটি পরিদর্শন করেন সিটি
করপোরেশনের প্রধান নির্বাহী
কর্মকর্তা। ছবি: প্রথম আলো
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার ৬৯ নম্বর বাড়িটি সিটি করপোরেশনের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল। বাড়ি ভাঙতে সিটি করপোরেশন নোটিশ দিয়েছে। নোটিশ পেয়ে গতকাল রোববার থেকে বাড়ির মালিক নিজ উদ্যোগে তা ভাঙা শুরু করেছেন। সকাল থেকে তিনতলাবিশিষ্ট বাড়িটি ভাঙার কাজ শুরু হলে সিটি করপোরেশনের প্রকৌশল দল সরেজমিনে তা পরিদর্শন করে। সিটি করপোরেশন সূত্র জানায়, বিশেষজ্ঞ প্রকৌশলী দল নগরের ৩২টি ভবনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। গত ২১ এপ্রিল তাঁতীপাড়ায় তিনতলা একটি বাড়ি সিটি করপোরেশনের উদ্যোগে ভাঙার মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ শুরু হয়। আর শাহি ঈদগাহ এলাকার এ বাড়িটি ৮ মের মধ্যে ভাঙার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। এরপর গতকাল নিজ থেকেই ভাঙা শুরু করেন বাড়ির মালিক সৈয়দ মহসিন আহমদ ও সৈয়দ সাজিদুর রহমান। গতকাল দুপুরে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমানসহ প্রকৌশলী দলকে নিয়ে বাড়িটি পরিদর্শন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব। প্রধান প্রকৌশলী জানান, বিশেষজ্ঞ প্রকৌশলীরা যেসব ইমারত অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অপসারণের পরামর্শ দিয়েছেন, সেগুলো প্রাথমিকভাবে নিজ উদ্যোগে অপসারণের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের পরও যাঁরা নিজ উদ্যোগে অপসারণ করবেন না, তাঁদের ভবন সিটি করপোরেশন অপসারণ করবে। তবে এসব ভবন ভাঙার সব ব্যয়ভার মালিককে বহন করতে হবে। সিলেট নগর ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা সব ভবন পর্যায়ক্রমে অপসারণ করা হবে জানিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, কাল (সোমবার) সিটি করপোরেশনের মালিকানাধীন বিপণিবিতান ‘সিটি সুপার মার্কেট’ ভাঙার কাজ শুরু করা হবে।

No comments:

Post a Comment