লন্ডনে
একান্ত পারিবারিকভাবেই সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সায়মা
হোসেন পুতুল ছাড়া বঙ্গবন্ধু পরিবারের আর সবাই রয়েছেন প্রধানমন্ত্রীর অবসর
কাটানোর সঙ্গী হিসেবে। রোববার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে বাংলাদেশ
বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান
প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে হোটেলে ফিরেই ভাগ্নি টিউলিপ সিদ্দিকের
কন্যা আজালিয়াকে কোলে নিয়ে আদর করেন প্রধানমন্ত্রী। কনিষ্ঠ নাতনির সাহচর্যে
আপ্লুত হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা,
টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি, টিউলিপের ভাই
রেদোয়ান সিদ্দিক ববি, প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য
সদস্যরা উপস্থিত ছিলেন। পারিবারিক ওই ছবিটিও প্রকাশ করা হয়েছে। বুধবার সকাল
৮টা ২০ মিনিটে বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার
উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে
সোফিয়া বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে শেখ হাসিনার। কনফারেন্স চলাকালীন
মেরিননিলা সোফিয়া হোটেলে অবস্থান করবেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন প্লেনিলিয়েভের সঙ্গে তার প্রাসাদে
সাক্ষাৎ করবেন। আগামী ২০শে মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক
বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তারা যৌথ
বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র্যান্ড হোটেল সোফিয়ায় ইউনেস্কোর
মহাপরিচালক এবং বুলগেরিয়ান কাউন্সিল অব উইমেন ইন বিজনেসের চেয়ারপারসন
বরিয়ানা মানোলোভা আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা তার সম্মানে বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারউইমেন সেটস্কা সাচেভার
উদ্যোগে গ্র্যান্ড হোটেল সোফিয়ায় আয়োজিত ভোজসভায় যোগ দেবেন। সফর শেষে
প্রধানমন্ত্রী ২১শে মে শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশের
উদ্দেশে বুলগেরিয়া ত্যাগ করবেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment