![]() |
| লেস্টারের প্রতিকূলে যখন বাজির দর ছিল ৫০০০/১, দলটির লিগ শিরোপা জয়ের পক্ষে বাজি ধরেছিলেন কৃষ্ণা কাপুর। বাজি ধরার সেই স্লিপ পরশু লেস্টার-ইউনাইটেড ম্যাচে তুলে ধরেছেন কৃষ্ণা |
অশীতিপর
মায়ের সঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন ক্লদিও রানিয়েরি। কিন্তু মন পড়ে আছে হাজার
কিলোমিটার দূরের লন্ডনে। একটু একটু পর মুঠোফোনে দেখছেন, ফলটা কী হলো। ৯০
মিনিট শেষে শিশুর মতো মাকে জড়িয়ে ধরলেন লেস্টার সিটির কোচ। রূপকথা সত্যি
হওয়ার প্রথম প্রহরে মায়ের সঙ্গটাই তো সবচেয়ে কাঙ্ক্ষিত। গল্পটা কাল্পনিক,
তবে পুরোটা নয়। লেস্টার ইংলিশ লিগ জয়ের রূপকথা গড়ে ফেলেছে কি না, সেটা
এতক্ষণে জেনে যাওয়ার কথা। কাল রাতে স্টামফোর্ড ব্রিজে টটেনহামের সঙ্গে
খেলেছে চেলসি। ওই ম্যাচে টটেনহাম জিততে না পারলেই নিশ্চিত হয়ে যাবে
লেস্টারের শিরোপা। তবে কাল ইংল্যান্ডেই ছিলেন না রানিয়েরি। মায়ের সঙ্গে
দেখা করার জন্য উড়ে গেছেন মাতৃভূমি ইতালিতে। জেমি ভার্ডি, রিয়াদ মাহরেজরাও
নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কাল দলের সবাইকে ছুটি দিয়েছেন
রানিয়েরি, শিরোপা নিশ্চিত হয়ে গেলে তাই পরিবারের সঙ্গেই প্রথম উদ্যাপনের
সুযোগ পাবেন লেস্টারের খেলোয়াড়েরা। গত পরশু ওল্ড ট্রাফোর্ডেই উদ্যাপনের
উপলক্ষটা চলে আসতে পারত। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে
জিততে পারলেই লেস্টার শিরোপা জয়ের উদ্যাপন করে ফেলতে পারত। কিন্তু
ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় সেটা আর হয়নি। কালকের ম্যাচে যদি টটেনহাম জিতেও
যায়, লেস্টারের পরের দুই ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেলেই চলবে। রানিয়েরির
তাই কোনো তাড়াহুড়ো নেই, ‘আমি জিততে চাই। বিশ্বাস করুন, তা কখন এলো সেটি
গুরুত্বপূর্ণ নয়।’ তবে চেলসির কাছ থেকে একটু ‘সাহায্য’ পেলে যে খারাপ হয়
না, সেটাও হাসতে হাসতে জানালেন, ‘সোমবার নাপোলি-রোমা ম্যাচের পর
জুভেন্টাসের শিরোপা নিশ্চিত হয়েছে। সে রকম কিছু হলে তো ভালোই।’ নিয়তির কী
অদ্ভুত খেলা, যে চেলসির ‘উদারতায়’ লেস্টারের শিরোপা নিশ্চিত হতে পারে,
রানিয়েরিকে সেই চেলসি থেকেই একরকম ছুড়ে ফেলা হয়েছিল। রোমান আব্রামোভিচের
প্রথম ‘শিকার’ হয়ে স্টামফোর্ড ব্রিজ থেকে বিদায় নিয়েছিলেন রানিয়েরি।
লেস্টারের মৌসুম শেষের ম্যাচ সেই চেলসির সঙ্গে। ওই ম্যাচে স্টামফোর্ড বিজের
দর্শক রানিয়েরিকে কি ‘গার্ড অব অনার’ দেবে! এএফপি।

No comments:
Post a Comment