Tuesday, May 3, 2016

নাটোরে মাছচাষিকে কুপিয়ে হত্যা, আটক ৪

নাটোর সদর উপজেলার ইয়াছিনপুর রেলস্টেশনের পাশ থেকে এক মাছচাষির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, আজ সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ইয়াছিনপুর রেলস্টেশনের পাশের একটি জমি থেকে আবদুর রাজ্জাক (৩২) নামের এক মাছচাষির লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি শহরের তেবাড়িয়া এলাকায়। যেখান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে, তার আশপাশে মাছ চাষের জন্য তাঁর কিছু পুকুর রয়েছে। ভোরে তিনি মোটরসাইকেল নিয়ে পুকুরের উদ্দেশে রওনা হন। সকালে এলাকাবাসী তাঁর লাশের পাশে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা রাজ্জাককে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চললে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইয়াছিনপুর এলাকার নাদিম হোসেন (২৩), মোমিন হোসেন (৩২), কামাল হোসেন (২৬) ও মিঠুন আলীকে (২৪) আটক করেছে।

No comments:

Post a Comment