প্রেসিডেন্ট
রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে মতবিরোধের জের ধরে আজ পদত্যাগ করতে পারেন
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ
মীমাংসা নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি এমনটি করতে যাচ্ছেন বলে স্থানীয়
মিডিয়াকে উদ্ধৃত করে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তিনি পদত্যাগ করলে তার
পদে বসানো হতে পারে এমন ব্যক্তির মধ্যে দু’জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন
পরিবহন মন্ত্রী বিনালি ইলদিরিম ও জ্বালানি মন্ত্রী বেরাত আভবাইরাক (৩৮)।
এর মধ্যে বেরাত হলেন প্রেসিডেন্টের বড় জামাই। তার সঙ্গে বড় মেয়ে এসরার বিয়ে
হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী দাভুতোগলু দেশে ক্ষমতাসীন দল একে পার্টিরও
নেতা। আজ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের পর তার সংবাদ সম্মেলন
করার কথা রয়েছে। তার ভবিষ্যত কি হবে এ নিয়ে দলে বুধবার দেড় ঘন্টার বৈঠক
হয়েছে। সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়
নি। তবে স্থানীয় সংবাদ মাধ্যম সিএনএন-তুর্ক, এনডিটিভি বলেছে, এ মাসের শেষের
দিকে ব্যতিক্রমী কংগ্রেস হবে। সেখানেই তার রাজনৈতিক পরিণতি নির্ধারণ হবে।
যদি তাতে তাকে দল থেকে সরিয়ে দেয়া হয় তাহলে দলের নতুন প্রধান কে হবেন তা
নির্ধারণ হবে নির্বাচনের মাধ্যমে। একে পার্টির কনভেনশন অনুযায়ী, দলের
প্রধান ও সরকার প্রধান হয়ে থাকেন একই ব্যক্তি। সাম্প্রতিক সময়ে
প্রেসিডেন্টের সঙ্গে তার নানা বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়। তিনি ইউরোপের দিকে
শরণার্থীর প্রবাহ কমিয়ে আনা বিষয়ক একটি চুক্তি করেন। কিন্তু এ চুক্তির
বিষয়ে প্রেসিডেন্টের রয়েছে খুব কমই আগ্রহ। অন্যদিকে সাংবাদিকদেরকে বিচারের
আগেই আটক করা নিয়ে তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট এরদোগান।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment