Thursday, May 12, 2016

দিলমা রুসেফকে অভিশংসন প্রস্তাবে ম্যারাথন বিতর্ক ব্রাজিলের সিনেটে

প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর দীর্ঘ বিতর্ক শুরু হয়েছে ব্রাজিল পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। স্থানীয় সময় বুধবার বিতর্ক শুরু হয়। বিতর্ক শেষে যদি অভিশংসন প্রস্তাব ভোটে দেয়া হয় এবং তাতে সংখ্যাগরিষ্ঠ ভোট প্রস্তাবের পক্ষে পড়ে তাহলে দিলমা রুসেফ স্বয়ংক্রিয়ভাবে ক্ষমতা থেকে সাময়িক বরখাস্ত হবেন। এ প্রস্তাব সিনেটে ওঠার আগে দিলমা রুসেফ তার শেষ চেষ্টা করেছিলেন। তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যাতে এ প্রক্রিয়া বন্ধ করা হয়। কিন্তু কোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে। এরপরই সিনেটে বিতর্ক শুরু হয়েছে। সিনেটে মোট সদস্য ৮১ জন। এর মধ্যে বিতর্কে অংশ নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন ৭১ জন। তাদের প্রত্যেককে বক্তব্য রাখার জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে ১৫ মিনিট। ফলে ৭১ জন সিনেটর ১৫ মিনিট করে কথা বললে ১৭ ঘন্টা ৪৫ মিনিট সময় লাগার কথা। এ বিতর্ক শেষেই হওয়ার কথা ভোট। স্থানীয় সময় গত রাত ১২টা ৩৫ মিনিট পর্যন্ত বক্তব্য রেখেছেন মাত্র ৪৫ জন সিনেটর। এর মধ্যে অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন ৩৪ জন। ১০ জন অভিশংসন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। বাকি একজন কোন ইঙ্গিত দেননি তিনি কোন পক্ষে অবস্থান নেবেন। বাকি সিনেটররা বক্তব্য রাখার পর ভোট হতে পারে। অব্যাহতভাবে চলা এ অধিবেশন শেষ হয়ে ভোট হতে পারে স্থানীয় সময় আজ ভোর ৪টা থেকে ৬টার মধ্যে। বাংলাদেশের স্থানীয় সময় তখন দুপুর একটা থেকে ৩টা। তবে এক্ষেত্রে সঠিক সময় নির্ধারণ করে বলা মুশকিল। কারণ, প্রতিজন সিনেটরকে ১৫ মিনিট সময় নির্ধারণ করে দিলেও তারা এর চেয়ে বেশি সময় নিচ্ছেন। সিনেটে যে বিষয়টিতে বেশি জোর দেয়া হয়েছে তা হলো মুলত অর্থনৈতিক। অনেকেই দেশের অর্থনীতিকে ভয়াবহতার দিকে নিয়ে যাওয়ার জন্য দায়ী করেছেন প্রেসিডেন্ট দিলমা রুসেফকে। বলা হচ্ছে, ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক মন্দা মোকাবিলা করছে ব্রাজিল। ২০১৫ সালে সেখানে বেকারত্বের হার দাঁড়ায় শতকরা ৯ ভাগ। ১২ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ। ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দিলমা রুসেফের কাছে হেরে যান সিনেটর আসিও নেভেস। তিনি বলেছেন, সরকার সব সময়ই আর্থিক অনিয়মের মধ্য দিয়ে কাজ করেছে। সমাজে সবচেয়ে গরিব ও বিপন্ন যে মানুষ তাদের প্রয়োজন সরকারের সমর্থন। কিনতু তারাই সব সময় বিল দিয়েছে। তিনি বলেন, অভিশংসন নিয়ে বিচারের পক্ষে তিনি ভোট দেবেন। সাবেক ফুটবল তারকা, বিশ্বকাপ বিজয়ী দলের খেলোয়াড় সিনেটর রোমারিও। তিনিও দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের পক্ষে। বলেছেন, ব্রাজিল অত্যন্ত কঠিন এক সঙ্কটে।

No comments:

Post a Comment