Saturday, May 28, 2016

বিনা চিকিৎসায় নিজেদের সন্তানরা মারা না যাওয়া পর্যন্ত মন্ত্রী-এমপিদের বোধোদয় হবে না : জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের দেশের প্রভাবশালী নেতা নেত্রীরা চিকিৎসা করানোর জন্য বিদেশে যান। এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক ও বেদনাদায়ক। দেশের মন্ত্রী-এমপিদের সন্তানরা যতদিন বিনা চিকিৎসায় মারা না যাবে ততদিন এদের বোধদয় হবে না এবং জাতিও এর থেকে পরিত্রাণ পাবে না। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলনের উদ্যোগে বাঁচার মত বাঁচতে চাই-নিরাপদ চিকিৎসা সেবা পেতে চাই-চিকিৎসা সেবার নামে চিকিৎসা বাণিজ্য বন্ধ, প্রশিক্ষিত ডাক্তার ও নার্সদের দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত, মেডিকেল টেস্টের নামে পকেট কাটা বন্ধ করতে হবে শীর্ষক এক মানববন্ধনে ড. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। ড. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, নিরাপদ চিকিৎসা সেবা প্রতিষ্ঠা করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন হতে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে ২৪ ঘন্টা ডাক্তার ও নার্সদের উপস্থিতি ও তাদের সেবা থাকা জরুরী। যা আমাদের দেশে অনুপস্থিত।
প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি যদি দেশে চিকিৎসা করাতেন তাহলে এদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটত। নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলনের আহ্বায়ক শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, জাতীয় মানবাধিকার সমিতির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান, নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলনের অন্যতম নেতা ইসমাইল তালুকদার খোকন, জাহানারা বেগম, মাস্টার আব্দুস সোবহান, জাহিদ আহমেদ, জুলফিকার বিশ্বাস, কাওসার হামিদ, আব্দুল জলিল প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লিটন।

No comments:

Post a Comment