Tuesday, May 3, 2016

এবার বাগদাদির পালা

আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি। ছবি: এএফপি
আল-কায়েদার প্রতিষ্ঠাতাপ্রধান ওসামা বিন লাদেন হত্যার পাঁচ বছর পেরিয়ে গেছে। তাঁর মৃত্যুর পর আরেক ভয়ংকর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান ঘটেছে। আইএস নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। এখন জঙ্গিগোষ্ঠীটিকে দমাতে তাদের প্রধানকে হত্যা করতে মরিয়া যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধানও জানালেন সেই কথা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সিআইএর প্রধান জন ব্রেনান বলেছেন, আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদিকে সরিয়ে দেওয়া গেলে সংগঠনটির ওপর তার প্রভাব হবে ব্যাপক। ২০১১ সালের ২ মে পাকিস্তানে বিন লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী। ওই হত্যার পঞ্চম বার্ষিকীর প্রাক্কালে এনবিসির ‘মিট দ্য প্রেস’ টক শোতে অংশ নেন সিআইএপ্রধান। তিনি স্বীকার করেন, বিন লাদেনকে হত্যার পরও তাঁর সংগঠন আল-কায়েদা এখনো একটি হুমকি হিসেবে রয়ে গেছে। আর আইএস শুধু একটি জঙ্গি সংগঠনই নয়, এটি একটি প্রপঞ্চ।
সিআইএর প্রধান জন ব্রেনান। ছবি: এএফপি
জন ব্রেনান বলেন, তাঁরা আল-কায়েদার একটি বড় অংশ ধ্বংস করেছেন। তবে পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। তাই তাদের দিকেও নজর রাখতে হবে। এখন নতুন প্রপঞ্চ হিসেবে আবির্ভূত আইএস বছরের পর বছর ধরে একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে।  বিন লাদেনের মতো আইএসের নেতা বাগদাদিকে সরিয়ে দেওয়ার তাৎপর্যের বিষয়ে জন ব্রেনান বলেন, ‘তিনি (বাগদাদি) গুরুত্বপূর্ণ। আমরা আইএসকে ধ্বংস করব। এ বিষয়ে আমার মনে কোনো সংশয় নেই। সংগঠনটিকে ভয়ংকর হামলা পরিচালনা করতে দিকনির্দেশনা দেওয়া নেতৃত্বকে আমাদের সরিয়ে দিতে হবে।’ সিআইএপ্রধান বলেন, ‘আমরা যদি বাগদাদিকে পেতাম, তবে সংগঠনটির ওপর তার ব্যাপক প্রভাব পড়ত বলে মনে করি।’ জন ব্রেনান বলেন, আইএস কেবল একটি সংগঠন নয়, তারা একটি প্রপঞ্চ। তারা কেবল সিরিয়া ও ইরাকে নেই। তারা লিবিয়া, নাইজেরিয়াসহ অন্যান্য দেশেও আছে। সংগঠনটির সবাইকে ধ্বংস করতে হবে।

No comments:

Post a Comment