Wednesday, May 11, 2016

‘কী তদন্ত চলছে আমরা বুঝতে পারছি না’

‘আমরা বিচারের দাবিতে প্রতিদিন এখানে দাঁড়াচ্ছি। যেন মানুষ গড়ার কারিগরদের ওপর এভাবে আর হামলা না হয়। কিন্তু মামলার অগ্রগতি জানতে চাইলে প্রশাসন বলে, কাজ চলছে বা তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। তবে কী কাজ চলছে তা আমরা বুঝতে পারছি না। অন্যান্য হত্যাকাণ্ডের মতো এ মামলাও অন্ধকারে তলিয়ে যাচ্ছে কি না, তাও বুঝতে পারছি না।’ অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ এসব কথা বলেন। নির্মম এই হত্যাকাণ্ডের ১৯তম দিনে আজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে উন্নতির ছন্দময়তাকে বারবার বাধাগ্রস্ত করছে শিক্ষক হত্যাকাণ্ডগুলো। যদি এই হত্যাকাণ্ডগুলো প্রতিরোধ করা না যায়, তবে সারা দেশেও উন্নতির ক্ষেত্রে অন্ধকার ছায়া নেমে আসবে। অশুভ শক্তিগুলো আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।
জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বলেন, ‘শুধু এ হত্যাকাণ্ডের বিচার নয়; এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে সব হত্যাকাণ্ডের- চিরদিনের জন্য বন্ধ করতে হবে। আমরা চাই সরকার এ দিকে দৃষ্টি দিয়ে এ হত্যাকাণ্ডগুলোর বিচার করুক।’ মানববন্ধনে আরও বক্তব্য দেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইদা আখতার ও সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনসহ প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে মানববন্ধন শেষে সেখানে থেকে একটি মৌন মিছিল বের করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে সমাবেশ করে। গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ির কাছে অধ্যাপক রেজাউলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। চার মন্ত্রী আসছেন ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে আগামী ১৪ মে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিক্ষক-ছাত্র সমাবেশ। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন। পরদিন ১৫ মে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে সংহতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা আগে শুনব এ শিক্ষক হত্যার বিষয়ে সরকারের পরিকল্পনা কী। এরপর আমরা আমাদের দাবির বিষয়টি তাঁদের কাছে তুলে ধরব।’

No comments:

Post a Comment