Wednesday, May 11, 2016

ফলাফলে খুশি শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক ফলাফলে তিনি খুশি। তবে আরও খুশি হতে চান। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন হয়। ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরে নুরুল ইসলাম নাহিদ বলেন, যারা এই পরীক্ষায় পাস করেছে, তাদের অভিনন্দন। আর যারা পাস করতে পারেনি, তারা যেন হতাশ না হয়। ভবিষ্যতে ভালো করার জন্য তাদের আরও প্রস্তুতি নিতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, তাঁরা ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই অনুলিপি তুলে দেন। ১০ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ। এসএসসি ও সমমানে গত বছরের চেয়ে এবার মোট জিপিএ-৫ কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে পাসের হার ৮৮ দশমিক ৭০ শতাংশ। গতবার এই হার ছিল ৮৬ দশমিক ৭২ শতাংশ। এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯৩ হাজার ৬৩১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। গত বছর ছিল ৯০ দশমিক ২০ শতাংশ। দাখিলে এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৯৫ জন। গত বছর পেয়েছিল ১১ হাজার ৩৩৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।

No comments:

Post a Comment