Friday, May 13, 2016

ক্যালিফোর্নিয়ায় বড় বিজয় দেখছেন হিলারি, অঘটনের অপেক্ষায় স্যান্ডার্স

আগামী মঙ্গলবারেই রয়েছে কেনটাকি ও ওরেগন রাজ্যের প্রাইমারি। কিন্তু ডেমোক্রেটিক দলের দুই মনোনয়নপ্রত্যাশীর দৃষ্টি ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে। গত কয়েকটি প্রাইমারিতে বার্নি স্যান্ডার্সের কাছে হেরে গেলেও এখনও নির্বাচনী দৌড়ে স্পষ্ট ব্যবধানেই এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। জুনের প্রথম সপ্তাহের ওই ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে ২০০৮ সালের মতোই বড় ব্যবধানেই জয় দেখছেন হিলারি। ৪৭৫টি ডেলিগেটের এই প্রাইমারিতে সেটা নিশ্চিত করতে পারলেই কার্যত দলীয় মনোনয়ন নিশ্চিত করতে পারবেন তিনি। অন্যদিকে স্যান্ডার্স তার শেষ কয়েকটি প্রাইমারির ধারাবাহিকতায় ক্যালিফোর্নিয়ায় আশা করছেন অঘটনের। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে শেষ পর্যন্ত বারাক ওবামার কাছে হেরে গিয়েছিলেন হিলারি। কিন্তু ক্যালিফোর্নিয়াতে ঠিকই ওবামার বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন তিনি। হিস্প্যানিক ও নারী ভোটারদের বদৌলতেই সেটা হিলারি পেরেছিলেন। এবারের ক্যালিফোর্নিয়াতেও একই রকম ফলাফল আশা করছেন তিনি। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে হিলারির এক নির্বাচনী র‌্যালিতে উপস্থিত ছিলেন ব্যাপকসংখ্যক হিস্পানিক। গত বুধবার নারীদের জন্যও বিশেষ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন হিলারি। ক্যালিফোর্নিয়ার প্রাইমারিতে এগুলোর বড় একটি প্রভাব থাকবে বলেই আশা করছেন তিনি। অন্যদিকে শেষ কয়েকটি প্রাইমারিতে জয় পেলেও এখনও দলের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তিকে কঠিন কাজ বলেই মানছেন স্যান্ডার্স। হিলারির তুলনায় এখনও ৭৬৭ ডেলিগেটে পিছিয়ে রয়েছেন স্যান্ডার্স। ৪৭৫ ডেলিগেটের ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে তাই অঘটনের আশা ছাড়ছেন না তিনি। গত সপ্তাহে স্টকটনে এক র‌্যালিতে তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় বড় একটি জয় ছিনিয়ে নিয়ে আসতে পারলে এবং শেষের দিকের প্রাইমারিগুলোতে ভালো করতে পারলে তিনিই শেষ হাসি হাসতে পারবেন।

No comments:

Post a Comment